Ajker Patrika

উলিপুরে বাইপাস সড়কের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি 
উলিপুরে বাইপাস সড়কের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন
আজ দুপুরে পৌর শহরের চৌরাস্তা মোড়ে উলিপুরের সর্বস্তরের মানুষের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে একনেকে অনুমোদিত বিকল্প বাইপাস সড়কের নির্মাণকাজ দ্রুত শুরুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পৌর শহরের চৌরাস্তা মোড়ে উলিপুরের সর্বস্তরের মানুষের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তীব্র গরম উপেক্ষা করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী সড়কের দুই পাশে প্রায় আধা কিলোমিটারজুড়ে মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী, সদস্যসচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান লিটন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজু, শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান বি এম আবুল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, পৌরসভার হেলিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত ৩ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ বাইপাস সড়ক নির্মাণের জন্য সরকার ৬৮ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে এবং প্রকল্পটি একনেক অনুমোদিত। কিন্তু দীর্ঘদিন ধরে দরপত্র আহ্বান না করায় নানা জটিলতায় প্রকল্পটির বাস্তবায়ন থমকে রয়েছে।

তাঁরা বলেন, উলিপুর পৌর শহরের তীব্র যানজটের কারণে জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের যানবাহনও আটকে পড়ে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয়। সম্প্রতি যানজটের কারণে অ্যাম্বুলেন্সে এক শিশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ ছাড়া কুড়িগ্রাম থেকে চিলমারী বন্দর ও মওলানা ভাসানী সেতুর সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হওয়ায় এই সড়কে যানজট জনদুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।

বক্তাদের মতে, বিকল্প বাইপাস সড়ক নির্মাণ করা হলে যানজট কমবে এবং মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।

অনুষ্ঠানের প্রধান বক্তা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র তারিক আবুল আলা চৌধুরী বলেন, ‘কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের অবহেলার কারণে বাইপাস সড়ক প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে। একনেক থেকে অর্থ বরাদ্দের পরও যদি প্রকল্পটি বাতিল হয়, তাহলে উলিপুরের মানুষ তা মেনে নেবে না। দ্রুত কাজ শুরু না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

এ বিষয়ে কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানান, উলিপুর বাইপাস সড়ক নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত জটিলতার সমাধান হবে এবং প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত