
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক বিএনপি নেতার কাছে মাদক ও অস্ত্র থাকার দাবি করে আকস্মিক দেহ তল্লাশি করেছে পুলিশ। তবে ওই বিএনপি নেতার কাছে কিছুই পাওয়া যায়নি। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে ওই বিএনপি নেতার দাবি, তল্লাশির নিয়ম না মেনে আনুষ্ঠানিক কোনো সাক্ষীর উপস্থিতি ছাড়াই এভাবে দেহ তল্লাশি করে পুলিশ মূলত তাঁকে ফাঁসানোর চেষ্টা করেছে। বাজারে লোকজনের সামনে আকস্মিক পুলিশের এমন আচরণে তাঁর সম্মানহানি হয়েছে বলেও অভিযোগ তাঁর।
ওই বিএনপি নেতার নাম মোখলেছুর রহমান (৪২)। তিনি দাঁতভাঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। পেশায় সার ও কীটনাশক ব্যবসায়ী। তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম বেবুর নিকটাত্মীয় (বোন জামাইয়ের ছোট ভাই)।
ভুক্তভোগী বিএনপি নেতা বলেন, ‘রাত ৮টার দিকে আমি দাঁতভাঙ্গা বাজারে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ পুলিশের এএসআই মুনির এসে আমাকে বলে ‘‘আপনাকে সার্চ করব। আমাদের কাছে খবর আছে আপনার কাছে মাদক ও অস্ত্র আছে।” এই বলে আমাকে অন্ধকারে নিয়ে যেতে চায়। তখন আমি বলি যে না, আমি কোথাও যাব না। এখানেই সার্চ করেন। তখন আমাকে সার্চ করে। কিন্তু কিছুই পায়নি। এ সময় আমার পরিচিতজন এসে এভাবে সার্চ করার প্রতিবাদ জানায়। রৌমারী থানার ওসি বাজারে উপস্থিত ছিলেন।’
বিএনপি নেতা আরও বলেন, ‘আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী ও রাজনীতিবিদ। এলাকায় আমার একটা সম্মান আছে। এভাবে মাদক আর অস্ত্র রাখার অভিযোগ তুলে পুলিশ আকস্মিক আমাকে সার্চ করায় আমি অসম্মান বোধ করেছি। আমি বিএনপির রাজনীতি করি। পুলিশ মূলত আমাকে ফাঁসানোর চেষ্টায় এমনটা করেছে। আমি তাদের কথায় অন্ধকারে সরে গেলেই আমাকে মাদক দিয়ে ফাঁসিয়ে দিত।’
আইনজীবীরা বলছেন, পুলিশ চাইলেই যে কাউকে তল্লাশি করতে পারে। কিন্তু সেটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে। নিয়ম অনুসরণ না করে পুলিশ যেনতেনভাবে তল্লাশি করতে পারে না। সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান দুলু বলেন, ‘পুলিশ যে কাউকে তল্লাশি করতে পারে। তবে এ জন্য নিরপেক্ষ দুজন সাক্ষীর সম্মুখে তল্লাশি করতে হবে এবং তল্লাশির পূর্বে ওই পুলিশ সদস্যকে ক্লিন হ্যান্ড হতে হবে। এ জন্য উপস্থিত সাক্ষী কিংবা তল্লাশির জন্য টার্গেট ব্যক্তি আগে ওই পুলিশ সদস্যকে তল্লাশি করবেন। এটাই পুলিশ রেগুলেশন ১৯৪৩-এর ২৮০ রেগুলেশন অনুসারে তল্লাশির বিধান।’
এ বিষয়ে জানতে চাইলে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান দাবি করেছেন, পুলিশ এভাবে তল্লাশি করতে পারে। এতে নিয়মের কোনো ব্যত্যয় হয়নি। তিনি বলেন, ‘আমরা মাদক অভিযানে ছিলাম। আমাদের সোর্স বলেছিল ওই ব্যক্তির কাছে মাদক থাকতে পারে। পরে প্রকাশ্য স্থানে তাকে সার্চ করা হয়েছে। কিছু পাওয়া যায়নি। তাকে আমরা বলেছি, যে ইনফরমেশন দিয়েছে সে হয়তো ঠিক দেয়নি।’
পুলিশের বিরুদ্ধে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ প্রশ্নে ওসি বলেন, ‘এটা সঠিক নয়। পুলিশ তো সোর্সের ভিত্তিতে মাদক উদ্ধার করে। ফাঁসানোর পাঁয়তারা করবে কেন?’

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
২ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
২ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
৩ ঘণ্টা আগে