Ajker Patrika

টেস্ট পরীক্ষায় ফল খারাপের আশঙ্কায় ভৈরবে স্কুলছাত্রীর আত্মহত্যা

ভৈরব প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৭: ৪৬
টেস্ট পরীক্ষায় ফল খারাপের আশঙ্কায় ভৈরবে স্কুলছাত্রীর আত্মহত্যা
ভৈরব থানা। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ভৈরবে এসএসসির নির্বাচনী পরীক্ষায় খারাপ ফলের আশঙ্কায় অবনী (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দড়িচন্ডিবের এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অবনী ওই এলাকার কামাল উদ্দিন মিয়ার মেয়ে ও স্থানীয় মুর্শিদ মুজিব উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ শুক্রবার সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য তার মরদেহ কিশোরগঞ্জে পাঠিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দশম শ্রেণির টেস্ট পরীক্ষা শেষ হয়। পরীক্ষার ফল তখনো প্রকাশিত হয়নি। অবনী পরিবারের সদস্যদের জানিয়েছিল, একটি বিষয়ে তার পরীক্ষা ভালো হয়নি। এ নিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল বলে পরিবারের দাবি।

পরিবারের সদস্যরা জানান, গতকাল রাতে খাবারের জন্য ডাকতে গিয়ে তাঁরা অবনীর কক্ষের দরজা বন্ধ পান। পরে দরজা খুলে তাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল-আমিন বলেন, রাত ৯টার দিকে অবনী নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়। পরে পুলিশে খবর দেওয়া হয়।

অবনীর চাচা গিয়াস উদ্দিন বলেন, ‘আমার ভাতিজি খুব সহজ-সরল স্বভাবের ছিল। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে সে বৃত্তি পেয়েছিল। ভালো ছাত্রী হওয়ায় একটি বিষয়ে পরীক্ষা খারাপ হওয়াটা সে মেনে নিতে পারেনি। এ ঘটনায় আমরা পুরো পরিবার ভেঙে পড়েছি।’

নিহত অবনীর মা আফসানা বেগম একই বিদ্যালয়ের গণিতের শিক্ষক। তিনি বলেন, ‘পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত হয়নি। মেয়ে নিজেই বলেছিল, একটি বিষয়ে পরীক্ষা খারাপ হয়েছে। তখন তাকে বুঝিয়ে বলেছিলাম, মন খারাপ করো না, ফাইনাল পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। কিন্তু মনের কষ্টে সে এমন সিদ্ধান্ত নেবে, তা কখনো ভাবিনি। এই শোক কীভাবে সহ্য করব।’

অবনীর বাবা কামাল উদ্দিন স্কয়ার ফার্মাসিউটিক্যালসে কর্মরত। পরিবারে তার এক ভাইও রয়েছে।

ভৈরব থানার উপপরিদর্শক ফারুক হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সে আত্মহত্যা করেছে। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত