চুরির সন্দেহে যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জের হোসেনপুরে সেচের মোটর চুরির সন্দেহে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামের জজ মিয়া ও জুয়েল মিয়ার দুটি সেচমোটর চুরি হয়। এ ঘটনায় জয় নামের এক যুবককে সন্দেহ করেন স্থানীয় লোকজন। পরে গতকাল রাতে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে চরকাটিহারী গ্রামের বিল্লাল হাজীর বাড়ির পাশে হাত-পা বেঁধে মারধর করা হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত এক ব্যক্তিকে হাত-পা বেঁধে মাটিতে উপুড় করে রাখা হয়েছে। কাজী আলম নামের এক ব্যক্তি তাঁর পা চেপে ধরে লাঠি দিয়ে পায়ের তালুতে একের পর এক আঘাত করছেন। এ সময় নির্যাতনের শিকার ব্যক্তিকে কাতরাতে দেখা যায়।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. শরিফুল আলম বলেন, চোরের বিচার করায় আমার বাড়িঘরে হামলা করা হয়েছে।
জিনারী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাইফুল আলম সৃজন বলেন, জয় একজন চিহ্নিত চোর। তাঁর বিরুদ্ধে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও গরু চুরির একাধিক অভিযোগ রয়েছে। কয়েক দিন আগে এলাকাবাসী তাঁকে গ্রাম থেকে বের করে দেন। এরপর থেকে তিনি ময়মনসিংহের পাগলা থানার একটি গ্রামে বাবার সঙ্গে বসবাস করছিলেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘জয়কে থানায় সোপর্দ করা হলে চুরির মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। যারা তাঁকে মারধর করেছেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’









