কিশোরগঞ্জে নানা অনিয়মে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জের করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন করে নামীদামি কোম্পানির নামে বাজারজাত, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার উপজেলার নিয়ামতপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের বাজার তদারকিমূলক অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে নকল ভূষি উৎপাদন করে বিভিন্ন নামীদামি কোম্পানির নামে বাজারজাত করার দায়ে মেসার্স ইভা অ্যান্ড স্নিগ্ধা এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে তাইয়্যেবা সুইটসকে ২০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে মেসার্স সাফায়াত এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা তানজীনা বেবী ও জেলা পুলিশের একটি দল।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্য দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং দোকানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









