
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মস্থলে নিরাপত্তা, বেতনবৈষম্য দূরীকরণসহ ছয় দফা দাবিতে আজ রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। একই দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মেডিকেল কলেজে ‘একাডেমিক শাটডাউন’ কর্মসূচি দেওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষা ও চিকিৎসাসেবা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
আকস্মিক এই কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মক ব্যাহত হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে দূরদূরান্ত থেকে আসা সাধারণ ও অসহায় রোগীদের ওপর।
ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিই) সভাপতি মো. আবু ইউসুফ ও সাধারণ সম্পাদক মো. আদনান কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর আগে ছয় দফা দাবিতে গত বৃহস্পতিবার (৪ জুন) ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আয়োজনে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক নোটিশে চিকিৎসকদের ওপর বৈষম্যমূলক ও অযৌক্তিক প্রস্তাব চাপিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের বেতন বৃদ্ধি, এফসিপিএস কোর্সের চিকিৎসকদের বেতনবৈষম্য দূর করা, ভর্তি পরীক্ষায় অতিরিক্ত ফি প্রত্যাহার এবং কর্মস্থলে নিরাপত্তার দাবিতে আবেদন জানিয়ে আসছিলেন।
ক্ষোভ প্রকাশ করে ইন্টার্ন চিকিৎসকেরা বলেন, বারবার দাবি জানানো সত্ত্বেও প্রশাসন কেবল তাঁদের আশ্বাসই দিয়েছে, দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার কারণেই তাঁরা এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
চিকিৎসকদের ঘোষিত ছয়টি মূল দাবি হলো—এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়ন-সংক্রান্ত নতুন নীতিমালা বাতিল করা; বিএমইউ ও বিসিপিএসের ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে এক হাজার টাকা নির্ধারণ করা; ইন্টার্নদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে নির্ধারণ করা; চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে বিশেষ আইন পাস করা; বিসিএস স্বাস্থ্য ক্যাডারে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে ৩৪ বছর করা এবং শ্রম আইন অনুযায়ী বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট জাতীয় বেতনকাঠামো তৈরি করা।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু ইউসুফ বলেন, ‘চলমান আন্দোলনের ছয় দফা দাবি পূরণ হওয়ার আগপর্যন্ত ইন্টার্ন কর্মবিরতি অব্যাহত থাকবে। ডাক্তারদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও যৌক্তিক দাবি আদায়ে সব অবস্থান থেকে সোচ্চার হওয়া এখন সময়ের দাবি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুস্তাকিন দিপু বলেন, সারা দেশের চিকিৎসক সমাজ ও মেডিকেল শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবি না মানা পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির সঙ্গে সংহতি জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করা হচ্ছে।
এদিকে চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়া ষাটোর্ধ্ব রহিমা বেগমের স্বজন মো. আলমগীর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সকাল ১০টায় রোগীরে নিয়া আইছি। এহন দুপুর পার হইয়া গেল, ডাক্তার দেহাইতে পারি নাই। হুনতাছি ডাক্তাররা নাকি ধর্মঘট করতাছে। আমাগো মতো গরিব মাইনষের জীবন নিয়া এইড্যা কেমুন খেলা?’
শিশু ওয়ার্ডে নিউমোনিয়ায় আক্রান্ত সন্তানকে নিয়ে আসা বাবা রিয়াজুল ইসলাম বলেন, ‘ডাক্তারদের দাবিদাওয়া থাকতেই পারে, কিন্তু আমাগো নিষ্পাপ বাচ্চাগো জিম্মি কইরা কেন? নার্সরা ওষুধ দিতাছে ঠিকই, কিন্তু বাচ্চার শ্বাসকষ্ট বাড়লে যে ডাক্তার দেখব, সেই ডাক্তারই তো নাই। হাসপাতালডা এহন এক মরণফাঁদ!’
হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক নাসিরুজ্জামান বলেন, ‘আমাদের হাসপাতাল অন্যান্য মেডিকেল কলেজের তুলনায় বেশ ছোট। যার কারণে আমাদের এখানে মিড লেভেল বা মেডিকেল অফিসার পর্যায়ের ডাক্তারের সংখ্যা খুবই কম। হাসপাতালের বহির্বিভাগেও কিছু ইন্টার্ন দায়িত্ব পালন করেন, তবে তাঁদের মূল পদচারণা এবং কাজের চাপ থাকে অন্তর্বিভাগে (ইনডোরে)। মিড লেভেল ডাক্তারের সংকটের কারণে এই কর্মবিরতিতে আমরা সমস্যায় পড়েছি।’
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ চিকিৎসক একরাম আহসান জুয়েল বলেন, ‘অধ্যক্ষ স্যার ছুটিতে আছেন। উনি আজ রাতে আসবেন। অধ্যক্ষ স্যারের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
৫ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৬ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৭ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৭ ঘণ্টা আগে