
ঋণের বোঝা মাথায় নিয়ে ভাগ্য বদলাতে সৌদি আরব গিয়েছিলেন কিশোরগঞ্জের যুবক শাকিল (২৮)। কিন্তু সেই মরুভূমির দেশে ভাগ্য তো বদলায়ইনি, উল্টো বন্দী হতে হয়েছিল অন্ধকার কারাপ্রকোষ্ঠে। অবশেষে মৃত্যুর ২৮ দিন পর মরদেহ ফিরল বাড়িতে।
গতকাল শুক্রবার (১২ জুন) দিবাগত রাত ১২টার দিকে শাকিলের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আজ শনিবার (১৩ জুন) ভোর ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের পূর্ব কাতিয়ারচর এলাকায় তাঁর নিজ বাড়িতে মরদেহ আনা হলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ।
নিহত শাকিল সদর উপজেলার পূর্ব কাতিয়ারচর এলাকার ওমর ফারুকের ছেলে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শরীফুল আলমের বিশেষ উদ্যোগে ও সরকারি সহযোগিতায় শাকিলের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, অভাব-অনটনের সংসারের হাল ধরতে ২০১৯ সালে প্রায় ৪ লাখ টাকা ঋণ করে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন শাকিল। ঢাকার বনানী এলাকার ‘আলতাব রিক্রুটিং এজেন্সি’র মাধ্যমে সেখানে যান তিনি। কিন্তু সৌদিতে যাওয়ার পর থেকেই শুরু হয় বিপত্তি। নিয়োগকর্তার (কফিল) সঙ্গে আকামা (কাজের অনুমতিপত্র) সংক্রান্ত জটিলতায় জড়িয়ে কর্মস্থল ত্যাগ করতে বাধ্য হন তিনি। এরপর অবৈধভাবে কাজ করার অভিযোগে সৌদি পুলিশের হাতে আটক হয়ে কারাগারে যান শাকিল।
কারাগারে থাকা অবস্থায় শাকিল শারীরিকভাবে চরম অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানান তাঁর স্বজনেরা। ফোনের ওপাশ থেকে মা ও ফুফুকে কেঁদে কেঁদে শাকিল বলেছিলেন, ‘আমি খুব কষ্টে আছি। শরীর শুকিয়ে গেছে। জেলের খাবার খেতে পারি না। আমাকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দেশে নিয়ে যান।’
শাকিলের ফুফু মোছা. চায়না বেগম জানান, মৃত্যুর প্রায় ১০ দিন আগে শাকিলের সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল। জামিন ও আইনি প্রক্রিয়ার জন্য প্রায় দুই লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছিলেন শাকিল। এরপর পরিবারের সদস্যরা ধারদেনা ও আত্মীয়স্বজনের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা জোগাড় করে সৌদিতে আইনজীবীর কাছে পাঠিয়েছিলেন। কিন্তু সেই টাকা আর শাকিলকে মুক্ত করতে পারেনি।
স্বজনদের দাবি, গত ১৫ মে সৌদি আরবের ওই কারাগারে একটি শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্র বিস্ফোরিত হয়ে ধোঁয়া সৃষ্টি হলে শ্বাসকষ্টে আক্রান্ত হন শাকিল। পরে কারাগারেই তাঁর মৃত্যু হয়।
শাকিলের চাচা বুকুল মেম্বার জানান, মৃত্যুর পর শাকিলের মরদেহ দেশে আনতে প্রায় আট হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় আড়াই লক্ষাধিক টাকা) প্রয়োজন ছিল। দরিদ্র পরিবারের পক্ষে এই বিপুল অর্থ জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছিল। পরবর্তী সময়ে বিষয়টি কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফের নজরে আনা হলে তিনি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমকে অবহিত করেন। প্রতিমন্ত্রীর তাৎক্ষণিক তৎপরতায় ও সরকারি সহযোগিতায় অবশেষে ২৮ দিন পর দেশে ফিরল শাকিলের নিথর দেহ।
একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা ওমর ফারুক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলেটাই ছিল সংসারের একমাত্র অবলম্বন। এখন কীভাবে সংসার চলবে, কিছুই জানি না। সরকারের কাছে আমাদের পরিবারের জন্য একটু সহযোগিতার দাবি জানাই।’
এদিকে শাকিলের এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের এমন পরিণতি মেনে নেওয়া যায় না। প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও আইনি সুরক্ষায় সরকারের আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা নেওয়া উচিত।

বরিশালের মুলাদী উপজেলার বাসিন্দা আবু হানিফ গাজী হত্যার আট মাস পেরিয়ে গেলেও এখনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দীর্ঘ সময়েও মামলার উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় বিচার পাওয়া নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন...
২২ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস আবার চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
২৪ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনের দায়ে জিসান মৃধা (১৮) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ (৪৫)। উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকায় আজ শনিবার বেলা সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে দলীয় নেতা-কর্মীরা ইছাখালী এলাকায় টায়ার জ্বালিয়ে কাপ্তাই সড়ক অবরোধ করেন।
১ ঘণ্টা আগে