
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। দুর্ঘটনায় পিকআপে থাকা সাতটি গরুও ঘটনাস্থলেই মারা গেছে। আজ সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজার সংলগ্ন এগারসিন্দুর হিমাগার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিল্লাল (৩৫), আবু সাইদ খুরশিদ (৩৯) এবং আব্দুস ছোবান খোকন (৩৯)। তারা সবাই নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার দুপুরে ঢাকা থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল ‘অনন্যা ক্লাসিক’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি সুখিয়া এগারসিন্দুর হিমাগার এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি গরুভর্তি পিকআপ ভ্যানের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপে থাকা তিনজন মারা যান। সেই সঙ্গে পিকআপে থাকা ৭ টি গরুও মারা গেছে।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা বলেন, `হঠাৎ বিকট শব্দ শুনে আমরা দৌড়ে যাই। গিয়ে দেখি বাস আর পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। পিকআপের ভেতর কয়েকজন চাপা পড়ে ছিলেন। আমরা দ্রুত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।'
দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

টানা দুই দিনের ভারী বৃষ্টিতে বান্দরবানের থানচিতে সাঙ্গু নদী, রেমাক্রী খালসহ পাহাড়ি ছড়া-ঝিরিতে পানি বেড়েছে। প্রবল স্রোতের কারণে দুর্গম এলাকায় প্রায় শতাধিক পর্যটক আটকা পড়েছেন বলে স্থানীয় সূত্রের দাবি। প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ ও নৌযান চলাচলে সতর্কতা দিয়েছে।
৪ মিনিট আগে
বিশিষ্ট চিন্তাবিদ, গবেষক, লেখক, বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষবারের মতো শ্রদ্ধা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা...
৬ মিনিট আগে
ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার (৫ জুলাই) রাতে উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর সড়কে এই ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে অনিয়মিত পরীক্ষার্থী ছিল মাত্র ১১ জন। কিন্তু ভুলবশত প্রায় ৫০ জন নিয়মিত পরীক্ষার্থীকে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্র দিয়ে বাংলা প্রথম পত্র পরীক্ষা নেওয়া হয়। দায়িত্বে গাফিলতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
৩৫ মিনিট আগে