Ajker Patrika

হাওরের শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে ক্যানটিন, সবুজ ক্যাম্পাস গড়ার উদ্যোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১৭: ৩৬
হাওরের শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে ক্যানটিন, সবুজ ক্যাম্পাস গড়ার উদ্যোগ
শিক্ষার্থীদের সঙ্গে গল্পে মেতেছেন ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

হাওরের বিস্তীর্ণ জনপদ পেরিয়ে প্রতিদিন দূরদূরান্ত থেকে বিদ্যালয়ে আসে শিক্ষার্থীরা। অনেকেরই বাড়ি থেকে খাবার আনার সুযোগ থাকে না। ফলে ক্ষুধার্ত পেটে সারা দিন ক্লাস করতে হয় তাদের। আবার খাবারের জন্য বিদ্যালয় থেকে বেরিয়ে বাজারে গেলে নষ্ট হয় মূল্যবান সময়। শিক্ষার্থীদের এমন দুর্ভোগ লাঘব করতে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে চালু করা হয়েছে ক্যানটিন। সেখানে শিক্ষার্থীদের জন্য থাকবে ভাত, শাকসবজি, ডাল ও ডিমের মতো পুষ্টিকর খাবার।

শুধু ক্ষুধা মেটানো নয়, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও পরিবেশবান্ধব শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে বিদ্যালয়টিতে। এ লক্ষ্যে আয়োজন করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। ফলজ ও বনজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজকেরা। এসব উদ্যোগকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ক্যানটিন উদ্বোধন, অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা।

আজ সোমবার দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে ক্যানটিনের উদ্বোধন করেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান-২০২৬-এর উদ্বোধন করেন।

ক্যানটিন উদ্বোধনকালে ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উপজেলায় ২২টি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে। এর মধ্যে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যানটিন চালু করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি প্রতিষ্ঠানগুলোতেও ক্যানটিন চালুর পরিকল্পনা রয়েছে। প্রতিটি ক্যানটিনের জন্য ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এসব ক্যানটিনে রুটিন অনুযায়ী ভাত, শাকসবজি, ডাল ও ডিমের মতো পুষ্টিকর খাবার পরিবেশন করা হবে। শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের আর্থিক সহযোগিতায় ক্যানটিনগুলো পরিচালিত হবে।

পরিবেশবান্ধব শিক্ষার পরিবেশ গড়তে বিদ্যালয়ে বৃক্ষরোপণ। ছবি: আজকের পত্রিকা
পরিবেশবান্ধব শিক্ষার পরিবেশ গড়তে বিদ্যালয়ে বৃক্ষরোপণ। ছবি: আজকের পত্রিকা

পরে বিদ্যালয়ের হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. কাউছারুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম মিয়া, বিদ্যালয়ের সাবেক সভাপতি শামসুজ্জামান ভূঁইয়া রিটু ও ওমর ফারুক ভূঁইয়া, উপজেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট এরশাদুল হক, উপজেলা ওলামা দলের সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, অভিভাবক সদস্য মো. ধন মিয়া এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত চন্দ্র বিশ্বাস।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবার, পরিচ্ছন্ন পরিবেশ ও মানসম্মত শিক্ষার বিকল্প নেই। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে বিদ্যালয়কে সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তাঁরা।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয়ের ক্যানটিন পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত