খুলনার কয়রায় কপোতাক্ষ নদের তীরবর্তী বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। আজ শুক্রবার ভোরে কয়রা উপজেলার হরিণখোলা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৩-১৪/২ নম্বর পোল্ডারের পাঁচটি স্থানে প্রায় ৩০০ মিটার বাঁধ নদীতে ধসে পড়ে।
বাঁধ ধসে হুমকির মুখে পড়েছে হরিণখোলা, ২ নম্বর কয়রা, গোবরা, ঘাটাখালী, মদিনাবাদসহ কয়রা উপজেলা সদরের অন্তত ১৫ হাজার মানুষ।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাতে স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় ৪ ফুট উঁচু জোয়ার হয়। আজ ভোরে ভাটার সময় নদীর পানি নামতে শুরু করলে কপোতাক্ষ নদের পাড়ের বেড়িবাঁধে ফাটল ও ধস দেখা দেয়।
সকালের ভাঙনে পাউবোর দেওয়া জিও ব্যাগ ও বড় বড় মাটির খণ্ডসহ বাঁধের প্রায় ৩০০ মিটার অংশ মুহূর্তেই নদীতে বিলীন হয়ে যায়। দ্রুত ব্যবস্থা না নিলে ফসলি জমি ও অসংখ্য মাছের ঘের নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
তাঁরা জানান, যেসব স্থানে ধস নেমেছে, সেখানে ওপরের মাটি সরে গিয়ে ভেতরের বালু বেরিয়ে এসেছে। এতে ঢেউ লেগে বালু ধুয়ে যাচ্ছে এবং নদীর পানির গতিপথ পরিবর্তিত হয়ে বাঁধের গায়ে আছড়ে পড়ছে। স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে মাটি ফেলে ও জিও ব্যাগ সরিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন।
হরিণখোলা গ্রামের মোস্তাফিজ শেখ বলেন, ‘আমরা গ্রামবাসী না এগোলে এই বাঁধ আবার তৈরি হতে অনেক সময় লাগবে। তখন এই এলাকায় থাকা সম্ভব হবে না। যাদের দায়িত্ব, তারা সময়মতো কিছু করে না। সব কষ্ট আমাদের খেটে খাওয়া মানুষের।’
একই গ্রামের হাফিজুল মোল্লা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাত্র সাড়ে তিন বছর আগে নির্মাণ করা বাঁধে এভাবে ভাঙন দেখা দেওয়া দুঃখজনক। নির্মাণের সময় ওপরে ও পাশে মাটি দেওয়া হলেও ভেতরে বালু দেওয়া হয়, যা বাঁধটিকে দুর্বল করেছে। তিনি বাঁধ রক্ষায় নদীর তীরে পাকা ব্লক বসানোর দাবি জানান।
গোবরা গ্রামের স্কুলশিক্ষক বিল্লাল হোসেন বলেন, ‘হরিণখোলার পাশের এই বাঁধকে কয়রার সবচেয়ে মজবুত বাঁধ বলা হতো। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ২০২১ সালে এই বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু প্রকল্প বড় হলেও কাজের মান ভালো হয়নি। ভেতরে বালু দিয়ে নির্মাণ করায় বাঁধ এখন দুর্বল হয়ে পড়েছে।’
খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, গতকাল থেকে নিম্নচাপের কারণে অস্বাভাবিক জোয়ার হয়েছে। হরিণখোলা ও চৌকুনি এলাকায় নদীর পানি বাঁধ উপচে লোকালয়ে ঢুকে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপসহকারী প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আপাতত বাঁধের গায়ে জিও ব্যাগ দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে ঠিকাদার নিয়োগ করে সংস্কারকাজ শুরু করা হবে।

রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিংয়ের ৬০ ও ৬২ নম্বর প্লটে নির্মাণকাজ বন্ধ করে আড়াই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে প্লট ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মাইনমুনা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. কাউসার রহমান।
৫ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ডিএসসিসির উদ্যোগে প্রতীকী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পোশাক বিক্রি করা হয়েছে। ৫০ পয়সা থেকে পাঁচ টাকার মধ্যে পণ্য কেনার সুযোগ পেয়েছেন নিম্ন আয়ের মানুষ।
৮ মিনিট আগে
ইমদাদুল ও নাইসের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের সঙ্গে মজা করতেন। গতকাল রাতে দুজন গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। সেখানে তুচ্ছ বিষয় নিয়ে মজা করতে গিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
১৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের এলাহি নূর চা-বাগানসংলগ্ন সাহেবের রাস্তায় পাঠিয়ালছড়ি খালের ওপর নির্মাণাধীন ১২ মিটার দীর্ঘ সেতুটির কাজ শেষ হওয়ার কথা গত জুন মাসে। অথচ এ সময়ের মধ্যে শেষ হয়েছে মাত্র অর্ধেক কাজ। এ অবস্থায় ভোগান্তি দীর্ঘায়িত হওয়ায় হতাশা প্রকাশ করেছে এলাকাবাসী।
১৫ মিনিট আগে