খুলনায় চলতি বছরের ১১ মাসে ৪০ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ সময়ে ৩৮টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে ৩৬টি মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত খুলনায় ৪০ জন হত্যাকাণ্ডের শিকার হন। এ সময়ে বিভিন্ন থানায় ৩৮টি হত্যা মামলা রুজু হয়েছে। এর মধ্যে ৩৬টি মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। বাকি দুটি মামলা নৌ পুলিশের কাছে তদন্তাধীন।
এ সময়ে সাতটি মামলায় পুলিশ প্রতিবেদন দিয়েছে। বিভিন্ন মামলায় ১৬৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৩৭ জন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।









