খুলনায় সরকারি কলেজের ফটকে তালা লাগিয়ে আগুন

খুলনার বটিয়াঘাটা সরকারি মহাবিদ্যালয়ের প্রধান ফটকে গভীর রাতে তালা লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নৈশ প্রহরি আগুন দেখতে পেয়ে দ্রুত তা নিভিয়ে ফেলেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ফটকের তালা খুলে দেয়।
কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, রোববার দিবাগত রাতে নৈশ প্রহরি পলাশ তাঁকে ফোনে আগুন লাগানোর ঘটনা জানান। আজ সোমবার সকাল ৭টার দিকে কলেজ ফটকে একটি তালা ঝুলতে দেখা যায়।
আবুল কালাম আজাদ বলেন, কলেজের জায়গা নিয়ে দ্বন্দ্ব অথবা ফল খারাপ হওয়ায় শিক্ষার্থীদের বকাঝকা করার কারণে এ ঘটনা ঘটতে পারে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কলেজের অধ্যক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার কামরুজ্জামান বলেন, সকাল ১০টার দিকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তালা খুলে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নিতে পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।









