Ajker Patrika

সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে পুলিশকে ৭ দিনের আলটিমেটাম, চিকিৎসাসেবা বন্ধের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৬: ২৪
সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে পুলিশকে ৭ দিনের আলটিমেটাম, চিকিৎসাসেবা বন্ধের হুঁশিয়ারি
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর সাতরাস্তা মোড়সংলগ্ন বিএমএ ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। ছবি: আজকের পত্রিকা

খুলনায় হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধের দোকান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। এসব অপরাধ বন্ধে পুলিশকে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন তাঁরা। নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে চিকিৎসাসেবা বন্ধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর সাতরাস্তা মোড়সংলগ্ন বিএমএ ভবনের সামনে জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, খুলনা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। এতে চিকিৎসকেরা প্রতিনিয়ত হয়রানি ও হেনস্তার শিকার হচ্ছেন। শুধু চিকিৎসকই নন, নার্স, কর্মকর্তা-কর্মচারীরাও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। বিভিন্ন চিকিৎসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের কারণে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বক্তারা বলেন, অসুস্থ মানুষ চিকিৎসা নিতে এসব প্রতিষ্ঠানে আসেন। তাই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং স্বাস্থ্য খাতে কর্মরত সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের পাশাপাশি চিকিৎসাসেবা বন্ধের কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মেডিকেল কলেজ ড্যাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ পলাশ। বক্তব্য দেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোস্তফা কামাল, সহকারী পরিচালক কাজী আহসান হাবীব, মেহেদী হাসান, তাজ ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।

চাঁদাবাজির অভিযোগে বন্ধ হচ্ছে একের পর এক প্রতিষ্ঠান

খুলনার স্বাস্থ্যসেবা খাতের সঙ্গে নগরীর অসংখ্য মানুষের জীবন ও দৈনন্দিন প্রয়োজন জড়িয়ে রয়েছে। অসুস্থ হলে ওষুধ কেনা, প্রয়োজনীয় পরীক্ষা করানো কিংবা চিকিৎসকের পরামর্শ নেওয়া—এসব সাধারণ সেবাও এখন অনেকের কাছে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। চাঁদা দাবির অভিযোগে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ওষুধের দোকান। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারেও হামলা, ভাঙচুর ও হুমকির অভিযোগ উঠছে। কোথাও ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন, কোথাও আবার হুমকির মুখে প্রতিষ্ঠান খুলতে হচ্ছে।

গত সোমবার বিকেল থেকে নগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকার ১০ থেকে ১২টি ওষুধের দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এর আগে চাঁদা দাবির অভিযোগে বন্ধ হয়ে যায় টুটপাড়া সেন্ট্রাল রোডের ঐতিহ্যবাহী চয়নিকা ফার্মেসি। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে রূপসা স্ট্যান্ড রোডের মেসার্স মল্লিক ব্রাদার্স ফার্মেসি।

ব্যবসায়ীদের অভিযোগ, সন্ত্রাসীদের হুমকির মুখে স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে জরুরি ওষুধ কিনতে এসে ফিরে যেতে হচ্ছে রোগী ও তাঁদের স্বজনদের।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর সাতরাস্তা মোড়সংলগ্ন বিএমএ ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। ছবি: আজকের পত্রিকা
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর সাতরাস্তা মোড়সংলগ্ন বিএমএ ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। ছবি: আজকের পত্রিকা

গতকাল সোমবার বিকেল থেকে রূপসা ট্রাফিক মোড়সংলগ্ন অধিকাংশ ওষুধের দোকান বন্ধ দেখা যায়। এক দোকানমালিক জানান, বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) সিদ্ধান্তে তাঁরা দোকান বন্ধ রেখেছেন। তবে বিসিডিএসের খুলনা জেলা শাখা জানিয়েছে, দোকান বন্ধ রাখার বিষয়ে তাদের কোনো সিদ্ধান্ত বা কর্মসূচি নেই।

নগরীর আহসান আহমেদ রোডের ওষুধের দোকানগুলো অবশ্য খোলা ছিল।

স্থানীয় সূত্রের অভিযোগ, একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা রূপসা স্ট্যান্ড রোডের মেসার্স মল্লিক ব্রাদার্স ফার্মেসির কাছে চাঁদা দাবি করেছে। এ ঘটনার পর আতঙ্কে প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়। এ বিষয়ে বক্তব্য জানতে ফার্মেসি কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। মালিকের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

বিসিডিএসের খুলনা জেলা শাখার আহ্বায়ক খান মাহাতাব আহমেদ বলেন, রূপসা ট্রাফিক মোড়ের কয়েকটি ওষুধের দোকান বন্ধ থাকার বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। তবে সমিতির পক্ষ থেকে দোকান বন্ধ রাখার কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি।

তিনি আরও বলেন, নগরীতে যেভাবে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, তাতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানান, গত রোববার রাতে মল্লিক ব্রাদার্স ফার্মেসির বিষয়ে জানতে পেরে স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরদিন সোমবার সকালে তিনি সেখানে যান। প্রাথমিকভাবে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী আশিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ওই ফার্মেসিতে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না। ফলে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ওসি আরও জানান, ফার্মেসির মালিকের সঙ্গে তাঁর কথা হয়েছে। প্রতিষ্ঠানটি খুলবে বলে তাঁকে জানানো হয়েছে। এ সময় নিরাপত্তার বিষয়ে পুলিশ তৎপর থাকবে।

চাঁদা দাবির অভিযোগে গত ২৯ অক্টোবর থেকে বন্ধ রয়েছে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের ঐতিহ্যবাহী চয়নিকা ফার্মেসি। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির মালিকের কাছে একটি সন্ত্রাসী গোষ্ঠী মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল। এরপর থেকেই দোকানটি বন্ধ রাখা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

চয়নিকা ফার্মেসি বন্ধ হওয়ার ১০ দিনের মাথায় বন্ধ হলো মেসার্স মল্লিক ব্রাদার্স। পাশাপাশি রূপসা ট্রাফিক মোড়ের একাধিক ওষুধের দোকান বন্ধ হয়ে যাওয়ায় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে জরুরি ওষুধের প্রয়োজন হলে রোগীদের অন্য এলাকায় যেতে হচ্ছে।

হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারেও হামলা-ভাঙচুর

ওষুধের দোকানের পাশাপাশি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোও হামলা, ভাঙচুর ও হুমকির অভিযোগ থেকে রেহাই পাচ্ছে না।

গত শনিবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর পিটিআই ও টুটপাড়া সেন্ট্রাল রোডের মধ্যবর্তী এলাকায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরদিন রোববার প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়েছিল। তবে ফোনে প্রতিষ্ঠান বন্ধ রাখলে হত্যার হুমকি পাওয়ার পর সোমবার দুপুর থেকে সেটি আবার খুলে দেওয়া হয়।

একই এলাকার খানজাহান আলী রোডে অবস্থিত মেসার্স জাহিদ ইলেকট্রনিকস নামের প্রতিষ্ঠানটিও চাঁদা দাবির অভিযোগে সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এর আগে গত ৩ নভেম্বর সন্ধ্যায় নগরীর শামসুর রহমান রোডের রংধনু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং আব্দুল্লাহ প্যাথলজিতে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। তারও আগে গত ২৪ অক্টোবর সন্ধ্যায় বাবুখান রোডের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটে। একই প্রতিষ্ঠানের সোনাডাঙ্গা এলাকার মজিদ সরণিতে অবস্থিত সন্ধানী মেডিকেয়ার হাসপাতালেও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

পরপর এসব ঘটনায় নগরীর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি ব্যবসায়ীরাও আতঙ্কের মধ্যে রয়েছেন। একের পর এক প্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজির অভিযোগে স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

একদিকে ব্যবসায়ীদের প্রতিষ্ঠান বন্ধ রাখার পরিস্থিতি, অন্যদিকে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলার অভিযোগ—সব মিলিয়ে খুলনার স্বাস্থ্যসেবা খাতে অনিশ্চয়তা বাড়ছে। এসব ঘটনায় সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত