Ajker Patrika

হকার উচ্ছেদের প্রতিবাদে খুলনা নগর ভবন ঘেরাও, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা
হকার উচ্ছেদের প্রতিবাদে খুলনা নগর ভবন ঘেরাও, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ
মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ করেন শত শত হকার। ছবি: আজকের পত্রিকা

খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে হকার উচ্ছেদ বন্ধ এবং উচ্ছেদ হওয়া হকারদের যথাযথ পুনর্বাসনের দাবিতে সড়কে ব্যারিকেড দিয়ে নগর ভবন ঘেরাও করেছেন খুলনা মহানগর হকার্স ইউনিয়নের নেতাকর্মী ও হকাররা। পরে খুলনা সিটি করপোরেশনের প্রশাসকের কাছে দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করেন তাঁরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ করেন শত শত হকার। এ সময় হকাররা সড়কে বসে পড়লে কেডি ঘোষ রোডের ডিসি অফিস থেকে সোসাইটি সিনেমা হল পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর কাছে স্মারকলিপি প্রদান করেন হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ।

বিক্ষোভ চলাকালে নেতৃবৃন্দ বলেন, খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে ছিন্নমূল হকাররা ছোট ছোট দোকানের মাধ্যমে ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। এটিই তাঁদের একমাত্র পেশা ও আয়ের উৎস। কিন্তু গত কয়েক সপ্তাহে নগরীর বিভিন্ন স্থানে হকারদের উচ্ছেদ করা হয়েছে। ডাকবাংলা, খালিশপুর, দৌলতপুর ও নিরালাসহ বেশ কয়েকটি এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। তখন তাঁদের জানানো হয়েছিল, প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে সাময়িকভাবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না।

তাঁরা আরও বলেন, রাস্তা ও ফুটপাত যানবাহন চলাচল এবং পথচারীদের হাঁটার জন্য—এ কথা সত্য। তবে হকাররা যেসব সড়কে ব্যবসা করেন, সেখানে পুলিশ প্রশাসনের সম্মতিতে নির্দিষ্ট স্থানে বসেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ করেন শত শত হকার। ছবি: আজকের পত্রিকা
মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ করেন শত শত হকার। ছবি: আজকের পত্রিকা

নেতৃবৃন্দ বলেন, তাঁদের দোকানের প্রধান ক্রেতা নগরীর নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। সীমিত আয়ের এসব মানুষ প্রয়োজনীয় বিভিন্ন পণ্য হকারদের কাছ থেকে কেনেন। ফলে হকারদের ব্যবসা শুধু তাঁদের জীবিকার সংস্থানই নয়, বরং খুলনা মহানগরী ও আশপাশের উপজেলা-গ্রামের অনেক মানুষের সাশ্রয়ী মূল্যে কেনাকাটার অন্যতম মাধ্যম।

হকারদের দাবিগুলোর মধ্যে রয়েছে—খালিশপুর, দৌলতপুর, ডাকবাংলাসহ মহানগরীর বিভিন্ন স্থানে আগের মতো ব্যবসা করার সুযোগ দেওয়া, কথায় কথায় উচ্ছেদ বন্ধ করা, উচ্ছেদের নামে মালামাল নষ্ট বা লুটপাট না করা এবং হকাররা কোথায় ও কীভাবে ব্যবসা করবেন, সে বিষয়ে খুলনা সিটি করপোরেশনের পক্ষ থেকে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা।

খুলনা মহানগর হকার্স ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও নগর কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান বাবু বলেন, ‘আজ আমরা স্মারকলিপি দিয়েছি। এরপরও দাবি মানা না হলে নগর ভবনের সামনে লাগাতার অবস্থান ও ভুখা মিছিলের মতো কর্মসূচি ঘোষণা করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন হকার্স ইউনিয়নের সভাপতি ছালেহ মোহাম্মাদ তালহা, সাধারণ সম্পাদক মো. সানু, বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফ আলী, টিইউসি নেতা এস এম চন্দন প্রমুখ।

এদিকে, স্মারকলিপি গ্রহণ করে সিটি করপোরেশনের প্রশাসক খুব শিগগিরই বিষয়টির সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত