খুলনার খালিশপুরে অন্য এক মেয়ের সঙ্গে কথা বলা নিয়ে বিরোধের জেরে প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। আজ সোমবার বেলা ১১টার দিকে নগরীর আলমনগর বাজারসংলগ্ন পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ওই তরুণীকে হেফাজতে নিলেও উভয় পক্ষের মধ্যে মিটমাট হওয়ায় সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
আহত তরুণের নাম অনিক হাসনাত মুন্না। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। তাঁর বাড়ি ঝিনাইদহের শৈলকূপা এলাকায়। অভিযুক্ত তরুণীও একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তাঁর বাড়ি খুলনার সোনাডাঙ্গা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনিকের সঙ্গে ওই তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। সম্প্রতি অন্য এক মেয়ের সঙ্গে অনিকের কথা বলা নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য হয়। এর জেরে আজ দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই তরুণী ছোট ছুরি দিয়ে অনিকের পেটে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ বলেন, তাঁরা দুজনই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও সহপাঠী। প্রেমের সম্পর্ক নিয়ে তাঁদের মধ্যে বিরোধ হয়েছিল। ছুরিকাঘাতে ওই তরুণ গুরুতর আহত হননি। তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনার পর অনিক থানায় গিয়ে বিষয়টি জানান। তবে তিনি লিখিত অভিযোগ দিতে চাননি। দুই পক্ষের মধ্যে মিটমাট হওয়ায় তরুণীকে ছেড়ে দেওয়া হয়েছে।










