Ajker Patrika

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা 
আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১৬: ১৮
সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন
খুলনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন। ছবি: সংগৃহীত

সংখ্যালঘুদের ওপর ‘হামলা-নির্যাতনের’ প্রতিবাদ এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের যৌথ উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি বিজয় কুমার ঘোষ, সভাপতিত্ব করেন খুলনা মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ এবং পরিচালনা করেন জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল সাহা। বক্তব্য দেন মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক রতন কুমার দেবনাথ প্রমুখ।

সমাবেশে বক্তারা খুলনাঞ্চলসহ সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলা, মন্দির ও ঘরবাড়ি ভাঙচুর, হত্যা, ধর্ষণ ও জমিজমা-সম্পদ দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত