খুলনায় গ্রামীণ ব্যাংক, বিআরটিসি ডিপো ও ল্যাটেক্স প্ল্যান্টে পেট্রলবোমা নিক্ষেপ

খুলনার খানজাহান আলী থানার আওতাধীন তিনটি পৃথক স্থানে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোরে গ্রামীণ ব্যাংক, বিআরটিসির বাস ডিপো ও একটি ল্যাটেক্স প্ল্যান্ট লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে শিরোমনি বাজারসংলগ্ন ফুলতলা উপজেলার গ্রামীণ ব্যাংকের জানালায় প্রথম পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। বোমাটি জানালা ভেঙে ব্যাংকের ভেতরে পড়লে আগুন ধরে যায়। পরে নৈশপ্রহরী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
এর প্রায় ১০ মিনিট পর শিরোমনি বাজারসংলগ্ন বিআরটিসির বাস ডিপো লক্ষ্য করে আরেকটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এর পাঁচ মিনিট পর একই এলাকায় অবস্থিত একটি ল্যাটেক্স প্ল্যান্ট লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর একটি প্ল্যান্টের বাইরের দেয়ালে লেগে পাশের ড্রেনের পানিতে পড়ে নিভে যায়। অন্যটি দেয়ালে আঘাত লেগে বিস্ফোরিত হয়। তবে এতে প্ল্যান্টের উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে মোটরসাইকেলে আসা দুই যুবক ১৫ মিনিটের ব্যবধানে তিনটি স্থানে পেট্রলবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এসব ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।









