Ajker Patrika

বিয়ে নিয়ে বাগ্‌বিতণ্ডা, হোটেলের কক্ষেই প্রেমিককে শ্বাসরোধে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা 
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫০
বিয়ে নিয়ে বাগ্‌বিতণ্ডা, হোটেলের কক্ষেই প্রেমিককে শ্বাসরোধে হত্যা
প্রতীকী ছবি

খুলনার একটি আবাসিক হোটেলে সোহেল রানা ওরফে বাবু (৩৫) নামের এক যুবককে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর কথিত স্ত্রী ফাতেমার (৩০) বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনার পর ওই নারী নিজেই হোটেল কর্তৃপক্ষ ও পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সদর থানাধীন কপোতাক্ষ হোটেলের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে সোহেল রানার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, গত শনিবার স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তাঁরা ওই হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। পরদিন সকালে তাঁরা দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষে ওঠেন। সেখানে রাতে দুজনেই ইয়াবা সেবন করেন। একপর্যায়ে তাঁদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে ওড়না পেঁচিয়ে সোহেল রানাকে হত্যা করেন ফাতেমা। পরে কক্ষ থেকে বেরিয়ে নিজেই হোটেল স্টাফদের জানান যে, তিনি খুন করেছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হোটেলের কক্ষে বসে তাঁরা ইয়াবা সেবন করেছেন বলেও জানিয়েছেন ফাতেমা।

পুলিশ জানায়, নিহত সোহেল রানা খুলনার লবণচরা থানার হরিণটানা এলাকার লোকমান ফকিরের ছেলে। তাঁর আগের সংসার থাকলেও স্ত্রীর সঙ্গে বনিবনা ছিল না। অন্য দিকে, ফাতেমারও আগের সংসারে একটি সন্তান রয়েছে। পরিবারে অশান্তির কারণে ঢাকা থেকে খুলনায় এসে একটি হোটেলে চাকরি নেন তিনি। এই সূত্রেই দুই বছর আগে সোহেল রানার সঙ্গে তাঁর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানান, দীর্ঘ দুই বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন হোটেলে তাঁদের যাতায়াত ও মেলামেশা ছিল। গতকাল রোববার রাতেও তাঁরা হোটেলে অবস্থানকালে ফাতেমা বিয়ের জন্য চাপ দিলে সোহেল তা এড়িয়ে যান। একপর্যায়ে বাগ্‌বিতণ্ডা হয়। পরে খাট থেকে ফেলে ওড়না পেঁচিয়ে তাঁকে হত্যা করেন ফাতেমা।

এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ফাতেমাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত