Ajker Patrika

পটিয়ায় চাকরি পুনর্বহালের দাবিতে ব্যাংকারদের মহাসড়ক অবরোধ, আহত ৩

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি  
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫৩
পটিয়ায় চাকরি পুনর্বহালের দাবিতে ব্যাংকারদের মহাসড়ক অবরোধ, আহত ৩
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

চাকরিতে পুনর্বহালের দাবিতে পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত ব্যাংকাররা। পুলিশ আন্দোলনকারীদের সরাতে গেলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন বলে আন্দোলনকারীরা দাবি করেছেন। পুলিশের ভাষ্য, ভুল-বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া মডেল মসজিদের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। পরে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে আটকা পড়ে বেশ কিছু যানবাহন। সৃষ্টি হয় দীর্ঘ যানজট ও জনভোগান্তি।

আন্দোলনকারীদের ভাষ্য, চাকরিতে পুনর্বহালের দাবিতে তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। আন্দোলনকারীদের ওপর কয়েক দফা হামলার অভিযোগের প্রতিবাদ ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধের কর্মসূচি দেওয়া হয়।

পুলিশ আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।

প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে যান পটিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। দাবি ও উদ্ভূত পরিস্থিতির বিষয়টি আগামী বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠেয় আইনশৃঙ্খলাবিষয়ক সভায় উপস্থাপনের আশ্বাস দেন তিনি।

ইউএনওর আশ্বাসের পর আন্দোলনকারীরা আপাতত কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। পরে তাঁরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারী তৌকির জানান, চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। দাবি মেনে না নিলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, ৫ আগস্ট-পরবর্তী সময়ে ইসলামী ব্যাংক, আল আরাফাহ ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রায় ১০ হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হয়। চাকরি পুনর্বহালের দাবিতে তাঁরা বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম প্রেসক্লাব, পটিয়া ও ঢাকায় বিক্ষোভ মিছিল এবং শান্তিপূর্ণ সমাবেশ করে আসছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত