খুলনা নগরীতে ঝুলন্ত অবস্থায় রায় খান ওরফে রায়হান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আড়ংঘাটা থানার বিশ্বাস প্রপার্টি ও জয়নাল আবেদীন রোডের মাথায় রেললাইনের পূর্ব পাশে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ পাওয়া যায়। লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন।
পুলিশ জানায়, স্থানীয়রা রেললাইনের পাশে একটি গাছের সঙ্গে রায় খান ওরফে রায়হান নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। খুলনায় বৈকালী এলাকায় তিনি বসবাস করতেন। তাঁর আর কোনো পরিচয় আপাতত পাওয়া যায়নি।
খুলনা অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) অমিত কুমার বর্মন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। সিআইডির বিশেষজ্ঞ দলকে ঘটনাস্থলে তলব করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে ওই যুবক আত্মহত্যা করেছেন।










