খুলনায় দিনের বেলায়ও মানুষ চলাচল করতে ভয় পাচ্ছে: আখতার হোসেন

দিনের বেলায়ও খুলনায় মানুষ চলাচল করতে ভয় পাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক আখতার হোসেন। তিনি বলেছেন, ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। টাকা না দিলে বাড়িতে গিয়ে হুমকি, তুলে নেওয়া, গুম ও খুনের ঘটনা ঘটছে। খুলনার মানুষ এসবের প্রতিকার চায়।
আজ শনিবার বিকেলে খুলনার ডাকবাংলা চত্বরে এনসিপির এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আখতার হোসেন।
আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, দলটি বর্তমানে নাশকতা ও সহিংসতার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদে হামলা চালাচ্ছে। আয়নাঘরে মানুষকে বন্দি রাখা, ভোটাধিকার হরণ এবং জুলাই গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা ও হাজার হাজার মানুষকে পঙ্গু করার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আখতার হোসেন আরও বলেন, দিনের বেলায়ও মানুষ চলাচল করতে ভয় পাচ্ছে। ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। টাকা না দিলে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তুলে নেওয়া, গুম ও খুনের ঘটনাও ঘটছে। খুলনার মানুষ এসবের প্রতিকার চায়।
এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক আহম্মদ হামীম রাহাতের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন ডা. আব্দুল্লাহ চৌধুরী। এতে বক্তব্য দেন দলের যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসুম ও আরিফ আবিদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরীন ইরা এবং কেন্দ্রীয় যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওহিদুজ্জামান।
উল্লেখ্য, খুলনায় সাম্প্রতিক সময়ে একাধিক গুলির ঘটনা ঘটেছে। মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। এসব ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে।










