Ajker Patrika

রামগড়ে সীমান্তের ভারতীয় অংশে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
রামগড়ে সীমান্তের ভারতীয় অংশে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটে ফেনীরকুল সীমান্ত এলাকায় অংথৈইপ্রু মারমার মরদেহ পাওয়া যায়। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড়ে সীমান্তবর্তী ভারতের অংশে পড়ে থাকা অবস্থায় অংথৈইপ্রু মারমা (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যের মরদেহ পাওয়া গেছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ময়নাতদন্ত করতে আপত্তি জানিয়েছেন নিহতের স্বজনেরা। এ নিয়ে প্রশাসন ও পরিবারের মধ্যে সিদ্ধান্তহীনতা তৈরি হয়েছে।

আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার ফেনীরকুল সীমান্ত এলাকায় মরদেহ পাওয়া যায়। অংথৈইপ্রু মারমা রামগড় পৌরসভার ফেনীরকুল গ্রামের মৃত মং মং মারমার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ২টার দিকে ঘাস কাটতে রামগড়-সাবরুম সীমান্তবর্তী ফেনীরকুল এলাকায় ফেনী নদীর তীরে যান অংথৈইপ্রু মারমা। রাতে বাড়ি না ফেরায় আজ সকালে স্বজনেরা তাঁর খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সীমান্তের ভারতীয় অংশের সাবরুমের ঢোলবাড়ি এলাকায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজন ও স্থানীয়রা। পরে তাঁরা মরদেহ বাংলাদেশ অংশে নিয়ে আসেন।

খবর পেয়ে রামগড় থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে কীভাবে আঘাত লেগেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ কী, তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদরে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক শামসুল হক বলেন, তদন্তের পরই ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।

ময়নাতদন্ত নিয়ে পরিবারের আপত্তি

আজ সকাল ১০টা ৪০ মিনিটে ময়নাতদন্তের জন্য মরদেহ রামগড় থানায় আনা হয়। এ সময় এলাকার লোকজন ও স্থানীয় রাজনৈতিক নেতারা থানায় গিয়ে ময়নাতদন্ত না করার জন্য অনুরোধ জানান।

নিহতের ছেলে থৈঅংগ্য মারমা বলেন, তাঁর বাবার ময়নাতদন্তের প্রয়োজন নেই। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাঁদের কাছে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। বাবার মরদেহ কাটাছেঁড়া হোক, তা তাঁরা চান না। পারিবারিক ও সামাজিক রীতি অনুযায়ী সৎকার সম্পন্ন করতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানান তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১২:৫০) ময়নাতদন্তের বিষয়ে প্রশাসন ও নিহতের স্বজনেরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। মরদেহ রামগড় থানায় রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত