খাগড়াছড়িতে গভীর রাতে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন, নথিপত্র পুড়ে ছাই

খাগড়াছড়ি সদর উপজেলায় মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ল্যাপটপ, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গতকাল বুধবার দিবাগত রাত ২টা ৪৩ মিনিটে সরকারি কার্যালয় দুটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে সরকারি কার্যালয় দুটির জানালা খোলা পাওয়া যায়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, ভূমি অফিসের আগুন পরিকল্পিতভাবে নথিপত্র গায়েবের উদ্দেশ্যে লাগানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। পাশাপাশি উপজেলা সমাজসেবা কার্যালয়ের আগুনও রহস্যজনক। দুটি কার্যালয় পাশাপাশি অবস্থিত। মামলা হলে তদন্তে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
এর আগে ৭ নভেম্বর খাগড়াছড়ি পৌর শহরের মহাজনপাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ১০ নভেম্বর শহরের পানখাইয়াপাড়ায় পার্কিং করে রাখা একটি চাঁদের গাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।









