খাগড়াছড়িতে মাটির নিচে পাওয়া মর্টার শেলটি নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

খাগড়াছড়ি সদরের শালবন এলাকায় মাটির নিচ থেকে পাওয়া ৮২ মিলিমিটার ক্ষমতাসম্পন্ন একটি মর্টার শেল বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট।
শনিবার (২১ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সদর জোনের ১৮ বেঙ্গলের বোমা ডিসপোজাল ইউনিট সদর উপজেলার খবংপুড়িয়া এলাকায় চেঙ্গী নদীর তীরে নির্জন স্থানে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে মর্টার শেলটি ধ্বংস করে।
এর আগে শুক্রবার বিকেলে খাগড়াছড়ি সদরের শালবন পল্লিটিলা এলাকায় সেপটিক ট্যাংক নির্মাণের জন্য মাটি খননের সময় মর্টার শেলটি পাওয়া যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি উদ্ধার করে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা মর্টার শেলটি ৮২ মিলিমিটার ক্ষমতাসম্পন্ন। তবে এটি কোন সময়ের এবং কারা ব্যবহার করত সে সম্পর্কে কিছু জানা যায়নি।









