লক্ষ্মীছড়ির দুর্গম বিনাজুড়িপাড়ায় সৌরবিদ্যুৎ-চালিত পানির ট্যাংক স্থাপন সেনাবাহিনীর

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা বিনাজুড়িপাড়ায় দীর্ঘদিনের পানির সংকট নিরসনে সৌরবিদ্যুৎ-চালিত পানির ট্যাংক স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন। এর ফলে বিনাজুড়িপাড়া ও এর পার্শ্ববর্তী এলাকার ১০০ থেকে ১২০ জন বাসিন্দা নিরাপদ ও সুপেয় পানি ব্যবহারের সুযোগ পাবেন।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকটে ভুগছিলেন। বিশেষ করে শীতকালে পানি সংগ্রহ করতে তাঁদের নানা ভোগান্তি পোহাতে হতো। এ সমস্যা সমাধানে উদ্যোগ নেয় বাংলাদেশ সেনাবাহিনী। লক্ষ্মীছড়ি জোনের নির্দেশনায় বার্মাছড়ি আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে মাত্র দুই সপ্তাহের মধ্যে পানির ট্যাংক স্থাপনের কাজ সম্পন্ন করা হয়।
আজ মঙ্গলবার সকালে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম পানির পয়েন্টটি উদ্বোধন করেন। এ সময় বার্মাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইসালা চৌধুরী, হেডম্যান, কার্বারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারা অনুষ্ঠানে অংশ নেন। তাঁরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, সৌরবিদ্যুৎ-চালিত এ পানির ব্যবস্থা স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের পানির সংকট কিছুটা হলেও লাঘব করবে। পাশাপাশি তাঁদের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, ‘পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে সব প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী সর্বদা সব জাতিগত বিভেদের ঊর্ধ্বে থেকে নিঃস্বার্থ জনকল্যাণে আপসহীন। বিনাজুড়িপাড়ায় সৌরশক্তি-চালিত পানির ট্যাংক স্থাপনের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের পানির সংকট কিছুটা হলেও লাঘব হবে বলে আমরা আশাবাদী। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের পাশে থেকে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে লক্ষ্মীছড়ি জোন।









