
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের বালুকাপাড়া গ্রামে ‘একঘরে’ করে রাখা এক দিনমজুর আব্দুল জলিল প্রামাণিককে মারধর করা হয়েছে। এতে তাঁর বাম হাত ভেঙে যায়। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন। গতকাল মঙ্গলবার রাতে মামলাটি রেকর্ড করা হয়। তবে এজাহারে একঘরে করে রাখার বিষয়টি উল্লেখ নেই।
আজ বুধবার সকালে সরেজমিনে বালুকাপাড়া গ্রামে গিয়ে জানা যায়, প্রায় দেড় বছর ধরে জলিল প্রামাণিককে একঘরে করে রাখা হয়েছে। বিষয়টি স্থানীয় রায়কালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রশীদ মণ্ডলও অবগত রয়েছেন। তিনি দুই পক্ষকে নিয়ে ইউপি কার্যালয়ে বৈঠক করলেও সমাধান হয়নি।
ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসীর সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি পারিবারিক কলহের জেরে আব্দুল জলিল রাগের মাথায় স্ত্রীকে তালাক দেন। ২৯ দিন পর তিনি ওই স্ত্রীকে পুনরায় বিয়ে করলে গ্রাম্য মাতব্বরেরা ক্ষুব্ধ হয়ে তাঁর পরিবারকে সমাজচ্যুত বা একঘরে করেন। পরে জলিল বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। ইউএনও বিষয়টি ইউপি চেয়ারম্যানকে সমাধানের দায়িত্ব দিলেও কার্যত কোনো সমাধান হয়নি।
১৫ আগস্ট রাতে গ্রামের মসজিদে যাওয়ার পথে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মাতব্বরদের একাংশ জলিল প্রামাণিককে দুই দফায় মারধর করে। এতে তাঁর বাম হাত ভেঙে যায়। এরপর তিনি চিকিৎসা নেন এবং আটজনকে আসামি করে থানায় মামলা করেন।
আব্দুল জলিল বলেন, ‘রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়েছিলাম। পরে আবার বিয়ে করি। ঢাকার একজন মুফতির মতামত আনলেও মাতব্বররা মানেননি। তাঁরা হিল্লা বিয়ে ছাড়া বিয়ে বৈধ নয় বলে আমাকে সমাজচ্যুত করে রেখেছেন। নামাজ, জানাজা, মিলাদ মাহফিল—কোথাও যেতে দেন না। এমনকি দিনমজুরির কাজও বন্ধ করে দিয়েছেন। এরপর আবার আমার হাত ভেঙে দিল।’
রায়কালী ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুল জলিল মুক্তিযোদ্ধার সন্তান। তিনি রাগের মাথায় স্ত্রীকে তালাক দেন। পরে পুনরায় বিয়ে করায় মাতব্বরেরা তাঁকে সমাজচ্যুত করেন। এ ঘটনার জেরে তাঁকে মারধর করা হয়েছে। এতে তাঁর হাত ভেঙেছে বলে জেনেছি।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আব্দুল জলিল থানায় অভিযোগ দিয়েছিলেন। তদন্তে ঘটনার সত্যতা মেলায় গতকাল মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

বৃষ্টিপাত কমে যাওয়া, জলাধার নষ্ট হওয়া এবং পানির স্তর নেমে যাওয়ায় সুপেয় পানির সংকট বাড়ছে খুলনায়। জেলার কয়রা, পাইকগাছা, বটিয়াঘাটা ও দাকোপ উপজেলায় পানির স্তর ২০ ফুট নিচে নেমে গেছে। একদিকে প্রচণ্ড গরম, অপর দিকে খাবার পানির অভাবের কারণে সেখানকার মানুষদের নিদারুণ কষ্ট পোহাতে হচ্ছে।
১ ঘণ্টা আগে
দূষণ বাড়ছে, নষ্ট হচ্ছে নদীর পরিবেশ। আর এতে মারা পড়ছে মাছ ও ডলফিন। এই চিত্র চট্টগ্রামের হালদার। হালদা নদীতে গত সাড়ে ছয় বছরে অন্তত ৫১টি ডলফিনের মৃত্যু হয়েছে। সাড়ে পাঁচ বছরে ২৫-৩০টি বড় কার্পজাতীয় মৃত মা মাছ উদ্ধারের রেকর্ড রয়েছে।
১ ঘণ্টা আগে
রাজশাহীর দুর্গাপুরে প্রচণ্ড দাবদাহ ও ভ্যাপসা গরমে জ্বর, ডায়রিয়া ও পেটের পীড়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। রোগীর চাপ বাড়ায় ৫০ শয্যার হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সেবা দিতে বেগ পেতে হচ্ছে।
১ ঘণ্টা আগে
ইঞ্জিন সংকটে সিলেট রুটে পাঁচটি লোকাল ও ডেমু ট্রেন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন বিপুলসংখ্যক মানুষ। জানা গেছে, সিলেট-ঢাকা, সিলেট- চট্টগ্রাম ও সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পর্যন্ত সুরমা, জালালাবাদ ও কুশিয়ারা নামের তিনটি লোকাল ট্রেন চলত।
২ ঘণ্টা আগে