
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে নির্মাণাধীন সড়কের গাইডওয়ালে ইটের গাঁথুনির নিচে দেওয়া হয়েছে আস্ত কলাগাছ। অর্থাৎ শক্ত মাটি বা কংক্রিটের বিম তৈরি না করে কলাগাছ দিয়ে বিমের মতো বানিয়ে তার ওপর ইটের গাঁথুনি দেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়লে তাঁরা ছবি ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। শিবচরের শিরুয়াইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকাকইর চৌরাস্তা মোড়ে এই ঘটনা ঘটে।
শিবচর উপজেলা এলজিইডি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ হয়ে সিপাইকান্দি থেকে মুন্সীকান্দি গ্রাম পর্যন্ত সড়কের গাইডওয়াল নির্মাণকাজ শুরু হয় ছয় মাস আগে। কিন্তু শুরু থেকেই নির্মাণকাজে ধীরগতি দেখা যাচ্ছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ছাড়াও মাটির ওপর কলাগাছ রেখে, গাছের ওপর ইটের গাঁথুনি দিয়ে নির্মাণকাজ করতে থাকেন ঠিকাদার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন সড়কের চরকাকইর এলাকার মসজিদের সামনে যে গাইডওয়ালের নির্মাণকাজ চলছে, সেখানে ইটের গাঁথুনির নিচে বেশ কয়েক স্থানে কলাগাছ দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘আমাদের এলাকার সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক ব্যবহার করে এলাকার কয়েক হাজার মানুষ উপজেলা সদরসহ সারা দেশে যাতায়াত করেন। গাইডওয়ালের নিচে কলাগাছ দেওয়া ছাড়াও সড়ক নির্মাণে নিম্নমানের মালামাল ব্যবহার করা হয়েছে। এই নির্মাণকাজের অনিয়মের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করছি।’
বিষয়টি নিয়ে ঠিকাদার আলমগীর জমাদ্দার বলেন, ‘আমাকে কেউ কিছু জানায়নি। যে রাজমিস্ত্রি কাজ করে, তাকে বলেছি এমন কাজ কেন করা হলো? আমি তাকে এমন কিছু করতে বলিনি।’
কাজের স্থানে যেসব মালপত্র ব্যবহার করা হচ্ছে, তা গুণগত মানসম্পন্ন দাবি করে ঠিকাদার বলেন, ‘আমি কলাগাছ সরিয়ে ফেলে সঠিক নিয়মে কাজ করে দেব।’
শিবচর উপজেলা এলজিইডি উপসহকারী প্রকৌশলী জামাল শিকদার বলেন, ‘নির্বাচনের পর অফিস খোলার পর আর ওই স্থানে যাওয়া হয়নি। গাইডওয়াল নির্মাণ বিষয়েও খোঁজ নেওয়া হয়নি। এই সুযোগে অনিয়ম হয়েছে। আমরা কলাগাছ সরিয়ে ফেলে নতুন করে কাজ করাব।’
বিষয়টি জানতে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ওই কাজ এখন ঠিক হয়ে গেছে।’
এ বিষয়ে জেলা নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা (এলজিইডি) বাদল চন্দ্র কীর্তনিয়া বলেন, ‘আমি শিবচর উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের সঙ্গে কথা বলেছি। সরকারি কাজে এমন গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আমি ঘটনাটি দেখছি।’
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, ‘গাইডওয়ালের ইটের গাঁথুনির নিচে কলাগাছ, তা কোনোভাবেই মানা যায় না। আমি উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।’

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মো. মাসুদ পারভেজ মিলাদের (মাসুদ মিলাদ) মাতা সুরাইয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। এক যৌথ বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ সাংবাদিক মাসুদ মিলাদের মা সু
৬ মিনিট আগে
চলতি বছরের প্রথম ছয় মাসে ঝিনাইদহে ১৮৯ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে পুরুষ ৯২ জন এবং নারী ৯৭ জন। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেলার আত্মহত্যার এই পরিসংখ্যান তুলে ধরেছে মানবাধিকার সংগঠন আরডিসি।
২২ মিনিট আগে
ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনকে ঘিরে চলছিল খিচুড়ি রান্নার আয়োজন। কিন্তু ১৫ আগস্টের ‘কাঙালি ভোজ’ কর্মসূচি সন্দেহে অভিযান চালিয়ে ৬ রিকশাচালকে আটক করেছে পুলিশ। ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ধূলদী রেলগেট-সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
চাঁদপুরে আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীসহ ৯ জনকে আটক করেছে সদর মডেল থানা-পুলিশ। আজ শনিবার আনুমানিক বেলা আড়াইটার দিকে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী সাঁতানি পাটোয়ারী বাড়ি জামে মসজিদ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
২৯ মিনিট আগে