Ajker Patrika

ঝিনাইদহে মেসের খাবার নিয়ে তর্কের জেরে রুমমেটের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ২০ আগস্ট ২০২৬, ২১: ৪৪
ঝিনাইদহে মেসের খাবার নিয়ে তর্কের জেরে রুমমেটের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত
আটক লিখন। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহে মেসে খাবার খাওয়া নিয়ে তর্কের জেরে রুমমেটের ছুরিকাঘাতে কাউসার আলী নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত লিখন নামের এক মাদ্রাসাশিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের মহিলা কলেজপাড়ার একটি মেসে এ ঘটনা ঘটে।

নিহত কাউসার আলীর (২১) বাড়ি হরিণাকুণ্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামে। তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, লিখন ও কাউসার শহরের মহিলা কলেজপাড়ার একটি মেসে থাকতেন। আজ সন্ধ্যায় মেসে খাবার না থাকা ও বাজার করা নিয়ে মেস ম্যানেজারের সঙ্গে লিখনের কথা-কাটাকাটি হয়। এ সময় কাউসার বিষয়টি নিয়ে কথা বললে লিখনের সঙ্গে তাঁর তর্ক শুরু হয়।

একপর্যায়ে কাউসার কাঠের বাটাম দিয়ে লিখনকে আঘাত করেন। তখন লিখন একটি ছুরি দিয়ে কাউসারের পিঠে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আলামিন হোসেন নামের এক শিক্ষার্থী জানান, আজ পরীক্ষা দিয়ে মেসে ফিরে বেশি খাবার খেয়ে নেন কাউসার। এতে লিখনের খাবার কম পড়ে যাওয়ায় তাঁর সঙ্গে মেস ম্যানেজারের বাগ্‌বিতণ্ডা হয়। পরে কাউসার বিষয়টি নিয়ে কথা বলতে গেলে দুজনের মধ্যে তর্ক শুরু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ ইসলাম তন্নী জানান, সন্ধ্যার পর কয়েকজন ব্যক্তি এক যুবককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মেসে খাবার খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে একজন নিহত হওয়ার ঘটনায় লিখন নামের এক মাদ্রাসাশিক্ষার্থীকে আটক করা হয়েছে। নিহত কাউসারের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত