পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগে আটক সাতজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গতকাল রোববার রাতে পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলাটি করে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
গ্রেপ্তারের পর সিরাজুল ইসলামকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে যান। হামলায় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান সোহাগসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। হামলাকারীরা পুলিশের একটি সরকারি গাড়িও ভাঙচুর করেন।
ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে দপদপিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করে পুলিশ। আজ সোমবার তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নলছিটি উপজেলার ভরতকাঠি গ্রামের সোহেল হাওলাদার (২৭) ও মিল্টন হাওলাদার (২০), গৌরিপাশা গ্রামের শহিদুল ইসলাম (২৮), দপদপিয়া গ্রামের রুবেল মৃধা (৩০), রাকিব মৃধা (২৫) ও সেলিনা বেগম (৫৫)। অপর গ্রেপ্তার ব্যক্তি বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাদল গ্রামের রাশেদ মৃধা।
ঘটনার পর নলছিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের তল্লাশিচৌকি বসানো হয়েছে। সম্ভাব্য পালানোর পথগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় সাতজনকে আদালতে পাঠানো হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামি সিরাজুল ইসলামসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’









