Ajker Patrika

কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় সেই ছাত্রদল নেতা কারাগারে, দল থেকে বহিষ্কার

­যশোর প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২৬, ২১: ৪৩
কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় সেই ছাত্রদল নেতা কারাগারে, দল থেকে বহিষ্কার
আরাফাত হোসেন রাব্বি। ছবি: সংগৃহীত

ধর্ষণের মামলায় গ্রেপ্তার হওয়া যশোরের চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যশোরের বিচারক আরাফাত হোসেন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক ইমদাদুল হক।

এর আগে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগে করা মামলায় গতকাল শনিবার রাত ৯টার দিকে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। রাব্বি এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। এদিকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা রাব্বিকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে যশোর জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক আরাফাত হোসেন রাব্বিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দলের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান বাপ্পি বলেন, যেহেতু ছাত্রদল নেতা আরাফাত হোসেন রাব্বির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে, তারই পরিপ্রেক্ষিতে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে ছাত্রদল প্রশ্রয় দেয় না। তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না।

চৌগাছা থানার পুলিশ ও মামলার এজাহার থেকে জানা গেছে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার জন্য রাব্বির সহযোগিতা চান ওই তরুণী। গতকাল সাপ্তাহিক ছুটির কারণে উপজেলা নির্বাচন কার্যালয় বন্ধ ছিল। তারপরও সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে ওই তরুণীকে চৌগাছা শহরে নিয়ে যান রাব্বি। পরে নানা কথা বলে নিজের ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। তরুণী বাড়ি ফিরে পুরো ঘটনা মা-বাবাকে জানান। পরে রাতে পরিবারের সদস্যদের নিয়ে চৌগাছা থানায় গিয়ে তরুণী নিজেই বাদী হয়ে ধর্ষণের মামলা করেন। মামলার পর রাত ৯টার দিকে পুলিশ রাব্বিকে গ্রেপ্তার করে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ধর্ষণের শিকার ওই মেয়ে বাদী হয়ে মামলা করেছেন। মেয়েটির স্বাস্থ্যও পরীক্ষা করা হয়েছে। ছেলেটিকে আজ আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এই ঘটনায় পুলিশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেবে।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে চৌগাছা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমন হাসান বলেন, রাব্বি ছাত্রদলের কলেজ শাখার নেতা। তাঁর বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ করা হয়েছে, সেটা মিথ্যা। ১৫ বছর ধরে তরুণীর পরিবারের সঙ্গে তাঁর পরিবারের বিরোধ চলছে। এ বিষয়ে মামলাও চলমান। ওই মামলার রায় পক্ষে নেওয়ার জন্য ধর্ষণের নাটক সাজিয়ে মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত