
কৃষিপণ্য পরিবহনে স্পেশাল ট্রেনটি প্রথম দিনেই সবজি ছাড়াই যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। যশোরের কৃষকেরা বলছেন, বিশেষ এই ট্রেনের কোনো খবর তাঁরা জানেন না। রেলস্টেশন মাস্টারের দাবি, ব্যাপক প্রচার চালালেও আশানুরূপ সাড়া মেলেনি।
দেশের সবজির চাহিদার বড় অংশ পূরণ হয় যশোর অঞ্চল থেকে। এই অঞ্চলের সবচেয়ে বড় পাইকারি হাট সাতমাইল বারোবাজার। এখানকার সবজি চাষি ও পাইকারেরা বলছেন, সড়কপথে সবজি পরিবহনে অতিরিক্ত খরচসহ পথে পথে চাঁদা দিতে হয় তাঁদের। এতে দামে প্রভাব পড়ে। এর মধ্যে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে নাকাল হয়ে পড়ছেন মধ্যবিত্ত শ্রেণির মানুষ।
এমন পরিস্থিতিতে কৃষিপণ্য পরিবহনে ‘কৃষিপণ্য স্পেশাল’ নামে এই নতুন ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। দেশের ১৫টি উৎপাদক অঞ্চল থেকে কৃষিপণ্য সংগ্রহ করে দেশব্যাপী সরবরাহ নিশ্চিতের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার চালু হওয়া ট্রেনটি সকাল ১০টা ১৫ মিনিটে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বেলা ১১টা ১৫ মিনিটে যশোর স্টেশনে পৌঁছার কথা থাকলেও ৪০ মিনিট দেরিতে পৌঁছায়। প্রথম দিনেই খুলনা থেকে ৬৪০ কেজি পণ্য নিয়ে ছেড়ে গেলেও যশোর থেকে কোনো পণ্য ছাড়াই ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
সবজি পরিবহনে স্পেশাল ট্রেন সার্ভিস চালুর বিষয়ে কথা হয় যশোর সদরের ছোট হৈবতপুর গ্রামের সবজিচাষি আব্দুল আলিমের সঙ্গে। তিনি বলেন, ‘আপনার কাছেই প্রথম শুনলাম ট্রেনের কথা। কবে থেকে চালু হবে বা হয়েছে জানিনে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ট্রেন মুন্সি মেহেরুল্লাহ স্টেশনে থামলে আমাদের জন্যে ভালো হয়। এখান থেকে ট্রেনে পণ্য পরিবহন করতে পারলে আমাদের সুবিধা।’
জানতে চাইলে যশোর সদরের বারীনগর সাতমাইল হাটের আড়তদার আতিয়ার রহমান বলেন, ‘সবজির জন্য স্পেশাল ট্রেন চালুর বিষয়টি আপনার কাছেই শুনলাম। অবশ্য, আমাদের আড়ত থেকে সবজি পাঠানোর জন্য ট্রাকই ভালো ও সুবিধাজনক। কৃষক তাঁদের উৎপাদিত পণ্য আমাদের আড়তে দিয়ে যান। আর ট্রাক একদম আড়তের সামনে দাঁড়িয়ে লোড দিতে পারে। এতে আমাদের সুবিধা। আর স্টেশনে যাওয়া আমাদের জন্য কষ্টকর, যদিও ট্রেনে মাল পাঠাতে পারলে আমরা আর্থিকভাবে লাভবান হব।’
হৈবতপুর এলাকার সবজিচাষি বলেন, ‘ট্রাকের চেয়ে ট্রেনে সবজি পরিবহনে খরচ কম। ট্রাকে আপনি যতটুকু সবজি নেন না কেন, পুরো ট্রাক ভাড়াই দিতে হবে। কিন্তু ট্রেনে যতটুকু সবজি নিব; ততটুকু সবজির ভাড়া গুনতে হবে।’
রেলস্টেশন মাস্টার আয়নাল হাসান বলেন, ‘প্রতি সপ্তাহে রবি ও মঙ্গলবার বিশেষ এ ট্রেন চলাচল করবে। এ জন্য ব্যবসায়ী পর্যায়ে ব্যাপক প্রচারণ চালানো হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগকেও নতুন সার্ভিস সম্পর্কে অবহিত করা হয়েছে। কিন্তু প্রথম দিন হিসেবে আশানুরূপ সাড়া মেলেনি। তবে আগামীতে সাড়া পাওয়া যাবে বলে আশাবাদী আমরা।’ সাশ্রয়ী ভাড়া হিসেবে ট্রেন ব্যবহারের জন্য তিনি কৃষক ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
সবজির বিশেষ ট্রেনের বিষয়ে কথা হয় যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সুশান্ত কুমার তরফদারের সঙ্গে। তিনি বলেন, ‘সবজি পরিবহনের জন্য বিশেষ ট্রেনের খবর জানি। সম্প্রতি যশোর সদরের আব্দুলপুর গ্রামের সবজিচাষিদের নিয়ে একটি ট্রেনিংয়ে এ বিষয়ে সঙ্গে কথা হয়েছিল। তাঁরা বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছেন। যেহেতু ট্রেনে পণ্য পাঠাতে খরচ কম, সে কারণে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হবেন।’
এদিকে ট্রেনের পরিচালক জুলহাস উদ্দিন জানান, খুলনা থেকে ৬৪০ কেজি পণ্য নিয়ে তারা ট্রেনটি ছেড়েছেন। যশোরে ১০ মিনিটের যাত্রাবিরতি ছিল। এখানে কোনো পণ্য পাওয়া যায়নি। তবে আগামীতে পণ্য আসবে বলে তিনি আশাবাদী।
৭ বগির স্পেশাল এই ট্রেনটি যশোর ছাড়াও মুন্সী মেহেরুল্লাহ স্টেশন, বারবাজার, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, সফদারপুর, আনসরবাড়িয়া, উথলি, দর্শনা প্রভৃতি স্টেশনে থামবে। সবজি নিয়ে রাত সাড়ে ৮টার দিকে ট্রেনটি ঢাকার বিমানবন্দর, তেজগাঁ ও কমলাপুর স্টেশনে থামবে।
এই ট্রেন রোববার ও মঙ্গলবার খুলনা, বৃহস্পতিবার পঞ্চগড় ও শনিবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় কৃষিপণ্য নিয়ে যাতায়াত করবে। এই ট্রেনে প্রতি কেজি সবজি ও কৃষিপণ্য বহনে ১ টাকা ৮ পয়সা থেকে সর্বোচ্চ ১ টাকা ৪৭ পয়সা খরচ পড়বে। এই ট্রেনের মাধ্যমে প্রতিদিন ১২০ টন পণ্য আনা-নেওয়ার সুবিধা মিলবে।

ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় খাসজমি এবং সরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন প্রায় ২৩ একর জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে। এসব জমি উদ্ধারে গড়িমসির অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি গায়েব হওয়ার ঘটনাও ঘটেছে।
৬ ঘণ্টা আগে
দাবি করা চাঁদা না দেওয়ায় রফিকুল ইসলাম মানিক (৪০) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (২৮ জুন) রাত ১০টার দিকে নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। রাতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত ব্যবসায়ী এম এ বারি সড়কের বাসিন্দা রুস্তম মাঝির ছেল
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ সীমান্তজুড়ে শকুনের মতো ওত পেতে বসে আছে ভারতীয় বিএসএফ। কিছুতেই থামছে না তাদের পুশ ইনের অপচেষ্টা। কিছুদিন ধরে দিনে ও রাতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাল্লাতল, নিউ পাল্লাতল, লাতু, গান্দাইল, বোবারতল ও উত্তর ষাইটঘর সীমান্ত দিয়ে ৩০-৪০ জনকে পুশ ইনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ।
৮ ঘণ্টা আগে
তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশের গঠিত তদন্ত কমিটি। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সাত দফা সুপারিশও করা হয়েছে। রোববার (২৮ জুন) সন্ধ্যায়
৮ ঘণ্টা আগে