Ajker Patrika

মনিরামপুরে ভোটারদের দীর্ঘ লাইন ‘ঈদের মতো আনন্দ মনে হচ্ছে’

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মনিরামপুরে ভোটারদের দীর্ঘ লাইন ‘ঈদের মতো আনন্দ মনে হচ্ছে’
যশোরের মনিরামপুরের ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ভোট গ্রহণ। ছবি: আজকের পত্রিকা

‘২০০৮ সালের পর আর ভোটকেন্দ্রে আসতে পারিনি। আজ (বৃহস্পতিবার) সকালে বাড়ি থেকে আনন্দ করতে করতে বের হইছি। ঈদের মতো আনন্দ মনে হচ্ছে।’ আজ বৃহস্পতিবার ভোট দিতে এসে এসব কথা বলছিলেন যশোরের মনিরামপুর উপজেলার টেংরামারী হাইস্কুল কেন্দ্রের ভোটার সবিউল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোর থেকেই মনিরামপুরের কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ। ভোট গ্রহণের আধা ঘণ্টা আগ থেকে অসংখ্য ভোটারকে লাইনে দাঁড়িয়েছিলেন।

উপজেলার টেংরামারী হাইস্কুল কেন্দ্র, কোদলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বিজয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

টেংরামারী হাইস্কুল কেন্দ্রের ভোটার আমির হোসেন বলছেন, ‘১৭ বছর পর ভোট দিতে যাচ্ছি। এর আগে ভোট দিতে পারিনি। কেন্দ্রে ঢুকতে গেলে বের করে দেছে। আজ ঈদের চেয়েও আনন্দ হচ্ছে। বাড়ির সবাইকে বলেছি, কাজ বন্ধ। আগে ভোট দিতে যাও।’

যশোরের মনিরামপুরের ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ভোট গ্রহণ। ছবি: আজকের পত্রিকা
যশোরের মনিরামপুরের ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ভোট গ্রহণ। ছবি: আজকের পত্রিকা

একই কেন্দ্রের ভোটার আবু তাহের আওয়ামী লীগ সরকার আমলে তাঁর ওপর নির্যাতনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘বিগত সরকার আমলে হামলা, মামলাসহ নানাভাবে হয়রানির শিকার হয়েছি। পুলিশের ভয়ে বাড়ি ঘুমাতে পারিনি। আজ ভোটের মাঠে আসতে পেরে সেসব দুঃখের চেয়ে বেশি আনন্দ হচ্ছে।’

টেংরামারী হাইস্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘সাড়ে ৭টা থেকে ভোট শুরু হওয়ার কথা। আমরা লাইন থেকে কয়েকজন ভোটারকে ভেতরে ঢুকিয়েছি। ভোট শুরু করতে কোনো সমস্যা হচ্ছে না।’

মনিরামপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সম্রাট হোসেন বলেন, মনিরামপুর উপজেলার ১২৮টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত