Ajker Patrika

কারও কাছে পোলাও স্বপ্ন, কারও কাছে শুক্রবারের অপেক্ষা

জাহিদ হাসান, যশোর
কারও কাছে পোলাও স্বপ্ন, কারও কাছে শুক্রবারের অপেক্ষা
অসহায় ও দুস্থদের দুপুরের খাবার খাওয়ানো হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

পাশের বাড়িতে পোলাও রান্না হলে ছোট্ট ছেলেটি বাবাকে প্রশ্ন করে, ‘আমরা কবে এমন খাবার খাব?’ বাবা আশ্বাস দেন, একদিন নিশ্চয়ই খাওয়াবেন। কিন্তু দিনটি কবে আসবে, তা তাঁর জানা নেই। সংসারের অভাব-অনটনের মধ্যে সন্তানের ছোট্ট ইচ্ছাটুকু পূরণ করাও তাঁর কাছে অনিশ্চিত এক স্বপ্ন।

এমনই না-বলা গল্প, অভাব-অনটন আর প্রতিদিনের জীবনসংগ্রামের কথা উঠে আসে যশোরের এক ব্যতিক্রমী আয়োজনে। প্রান্তিক মানুষের মুখে তাঁদের জীবনের গল্প শুনতে প্রতি শুক্রবার ‘তাঁহাদের হাঁড়ির গল্প’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এডুকেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট (আইডিয়া) সমাজকল্যাণ সংস্থা।

আজও সংস্থাটির নিয়মিত মানবিক উদ্যোগ ‘আইডিয়া ফ্রাইডে মিল’-এর ২৬৮তম সপ্তাহ উপলক্ষে শহরের খরকিতে অবস্থিত আইডিয়া প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এতে শ্রমজীবী মো. আশরাফ হোসেন, রিকশাচালক হাসেম আলী ও মোস্তাফিজ আলী এবং গৃহকর্মী সুন্দরীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। তাঁদের অভিজ্ঞতা শোনার পাশাপাশি শতাধিক অসহায় মানুষের জন্য এক বেলা ভালো খাবারের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে নিজের জীবনের গল্প বলতে গিয়ে আশরাফ হোসেন জানান, পাশের বাড়িতে পোলাও বা ভালো খাবার রান্না হলে তাঁর ছেলে জানতে চায়, তারা কবে এমন খাবার খেতে পারবে। ছেলেকে শিগগিরই খাওয়ানোর আশ্বাস দেন তিনি। কিন্তু নিজের সামর্থ্যে সেই ইচ্ছা কবে পূরণ করতে পারবেন, তা জানেন না। এমনকি ঈদের মতো আনন্দের দিনেও অনেক সময় অন্যের সহযোগিতার ওপর নির্ভর করতে হয় তাঁদের।

রিকশাচালক হাসেম আলীর কথায়ও উঠে আসে একই বাস্তবতা। তিনি বলেন, তাঁদের সামর্থ্য নেই ভালো খাবার নিয়ে গর্ব করার। তবে আইডিয়ার দাওয়াতে তাঁর সন্তান ভালো খাবার খেতে পারবে। আবার কবে এমন খাবার পাবে, তা জানা নেই। প্রতি শুক্রবার অন্তত আইডিয়ার আয়োজনটি তাঁদের জন্য একটি আশ্বাস হয়ে দাঁড়িয়েছে।

চার অতিথির জীবনের গল্পে উঠে আসে সীমিত আয়, পরিবারের চাহিদা মেটানোর সংগ্রাম আর সন্তানদের ছোট ছোট স্বপ্ন পূরণ করতে না পারার কষ্ট। তাঁদের কথায় স্পষ্ট হয়, অনেক পরিবারের কাছে ভালো খাবারও এখনো বিলাসিতার মতো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মো. হামিদুল হক শাহীন। তিনি বলেন, প্রতি শুক্রবার নিরবচ্ছিন্নভাবে এ কার্যক্রম চলছে। তাঁর প্রত্যাশা, উদ্যোগটি দীর্ঘদিন অব্যাহত থাকবে। সমাজের সামর্থ্যবানেরা অল্প করে সহযোগিতা করলেও অনেক মানুষের এক বেলার খাবারের ব্যবস্থা করা সম্ভব।

আইডিয়া ফ্রাইডে মিলের সমন্বয়ক শাহারিয়া ইয়াসমিন মীম জানান, ২০২১ সালের ১৫ অক্টোবর এ কার্যক্রম শুরু হয়। নানা বাধায়ও কার্যক্রমটি বন্ধ হয়নি। প্রতি শুক্রবার জুমার নামাজের পর নিজেরা রান্না করে এতিম শিশু, পথের অনাহারী মানুষ, বস্তিবাসী, শ্রমজীবী, রিকশাচালক, গৃহকর্মী ও বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের মধ্যে খাবার বিতরণ করেন। রমজান মাসে এ আয়োজন ‘আইডিয়া ফ্রাইডে ইফতার’ নামে পরিচালিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোমা খান, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, আইডিয়া যুব উন্নয়ন কেন্দ্রের সভাপতি তানজিয়া জাহান মমতাজ, আইডিয়া স্পোকেনের সমন্বয়ক নাবিলা সুলতানাসহ সংস্থার স্বেচ্ছাসেবী ও গণমাধ্যমকর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত