রাতে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, পরদিন লাশ মিলল ব্রহ্মপুত্র নদে

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের এক দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে সালমা (১৩) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের কলকিহারা এলাকার শান্তিনগর বাজারসংলগ্ন নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সালমা উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামের শিক্কু শেখের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) রাত ৭টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাড়িতে ঘুমাতে যায় সালমা। পরদিন মঙ্গলবার ভোর ৪টার দিকে তাঁর বাবা ঘুম থেকে উঠে বিছানায় মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পরিবারের সদস্যরাও আশপাশের বিভিন্ন স্থানে তাঁকে খুঁজতে থাকেন। তবে তাঁর সন্ধান পাওয়া যায়নি।
গতকাল রাত ৯টার দিকে স্থানীয় লোকজন ব্রহ্মপুত্র নদে একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সেটি সালমার বলে শনাক্ত করেন পরিবারের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।








