জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের শিশুসহ ৩ জন

জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে একই পরিবারের তিনজন। এ ঘটনায় আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২৩) ও তাঁদের আট মাস বয়সী মেয়ে রিফা। নিহত মোটরসাইকেল আরোহী শওকত আলী লিখন (৪০) মেলান্দহ পৌরসভার শাহজাদপুর আকন্দ বাড়ির নিবাসী ৫ নং নয়ানগর ইউনিয়নের সাবেক মেম্বার বরকত আলী ভূঁইয়ার দ্বিতীয় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে জামালপুর থেকে একটি মোটরসাইকেল মেলান্দহের দিকে আসছিল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন নিহত হয়। আহত হন মোটরসাইকেলের দুই আরোহী ও অটোরিকশার চালক।
দুর্ঘটনায় মোরশেদ আলম ঘটনাস্থলেই মারা যান। তাঁর স্ত্রী ও শিশুকন্যাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পর শওকত আলী মারা যান।
আহত অন্য দুজনের অবস্থা বিবেচনায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন মেলান্দহের মালঞ্চ এলাকায় সেটি আটক করেন। পরে পুলিশ ট্রাক ও চালককে হেফাজতে নেয়।
বুরুঙ্গামারী গ্রামের বাসিন্দা জহুরুল ইসলাম বলেন, ‘মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে জামালপুর থেকে একটি মোটরসাইকেল মেলান্দহের দিকে আসছিল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে একই পরিবারের তিনজন নিহত হয়। আহত হয় আরও তিনজন। আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, এ দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছে। সড়কে এমন মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। নিহত পরিবারকে সহায়তা করা হবে।
মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। তাঁদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছে। ট্রাক ও চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










