ট্রাকচাপায় শিশুসন্তানসহ স্বামী-স্ত্রী নিহত

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশায় থাকা একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- স্বামী, স্ত্রী ও আট মাস বয়সী এক শিশু সন্তান। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
আজ শনিবার সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও অটোরিকশা চালকসহ আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন—জামালপুরের ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোর্শেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইক্রামা (২৩) এবং তাঁদের আট মাস বয়সী শিশুকন্যা রিফা।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুর শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সজোরে ধাক্কা দেয়। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সামনে থাকা অটোরিকশাটিকে চাপা দিলে সেটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী মোর্শেদ আলম ঘটনাস্থলেই মারা যান। পরে তাঁর স্ত্রী ও শিশুকন্যাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা মেলান্দহের মালঞ্চ এলাকায় সেটি আটক করেন। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছেন। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









