
জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য (এমপি) সুলতান মাহমুদ বাবুর পাশে দাঁড়িয়ে ঈদগাহে বক্তব্য দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারী। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
আজ শনিবার (২১ মার্চ) সকালে গাইবান্ধা ইউনিয়নের নাপিরচর বাজারসংলগ্ন গাইবান্ধা ঈদগাহে ঈদের নামাজের আগমুহূর্তে আওয়ামী লীগ নেতা মাকছুদুর রহমান আনছারী এই বক্তব্য দেন। তিনি উপজেলার গাইবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
সরেজমিন দেখা গেছে, সকাল ১০টা ১৫ মিনিটে পুলিশ প্রটোকলে ঈদগাহে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। এ সময় শুভেচ্ছা বক্তব্য দিচ্ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও গাইবান্ধা ইউপির সাবেক চেয়ারম্যান হাসান কবির মঞ্জিল। উপস্থিত হয়েই ঈদগাহের মিহরাবে বসেন সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। ১০টা ২০ মিনিটে গাইবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন সাদা মিয়া ঈদের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করলে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর পাশে দাঁড়িয়ে মাইক হাতে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা ও গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী।
এ সময় তিনি ঈদগাহের যাবতীয় উন্নয়নকাজ শেষ করে দেওয়ার জন্য সংসদ সদস্যের কাছে প্রত্যাশা ব্যক্ত করেন।
ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকার পতনের আগের দিন ২০২৪ সালের ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ইসলামপুর উপজেলা মিলনায়তনের সামনে জড়ো হলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতারা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করেন। এতে বেশ কয়েকজন ছাত্র আহত হন। এ ঘটনায় ওই বছরের ৬ সেপ্টেম্বর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন ছাত্রদল নেতা আইয়ুব আলী বাদী হয়ে ক্ষমতাচ্যুত ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ৩১ জনের নাম উল্লেখ করে ইসলামপুর থানায় মামলা করেন। ২০২৫ সালের ১৫ জুলাই ওই মামলায় ৮০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। মামলায় এজাহার ও চার্জশিটভুক্ত আসামি মাকছুদুর রহমান আনছারী।
এ ছাড়া একই বছরের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় সভারচরে বিস্ফোরকদ্রব্য নিয়ে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এ নিয়ে ওই দিন রাতে সভারচর কারীপাড়া গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রদলের সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাদী হয়ে ১২৮ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে থানায় মামলা করেন। ওই মামলায়ও মাকছুদুর রহমান আনছারী এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর এবারই প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিলেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে তিনি ঈদগাহে বক্তব্য দিয়েছেন কি না, সেটা আমার জানা নেই।’

শেরপুরের নকলায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের সবচেয়ে বড় জামাত কায়দা-বাজারদী গোরস্থান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
৪২ মিনিট আগে
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে পবিত্র ঈদুল ফিতরের দিন পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। ঈদের দিন সকাল থেকেই স্থানীয় পর্যটকদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পর্যটকের পদচারণে মুখর হয়ে ওঠে এই জাতীয় উদ্যান।
১ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরে বৈচিত্র্য বাড়াতে গাজীপুরের শ্রীপুরের গাজীপুর সাফারি পার্কে তিনটি সিংহ আনা হয়েছে। এগুলোর মধ্যে একটি সিংহ এবং দুটি সিংহী। এ ছাড়া দর্শনার্থীদের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনেও পার্কটি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে পার্ক কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) এক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আজ শনিবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বৈকুণ্ঠপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে