Ajker Patrika

চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার হবিগঞ্জের সাবেক মেয়র

হবিগঞ্জ প্রতিনিধি
চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার হবিগঞ্জের সাবেক মেয়র
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার সাবেক মেয়র মুসলিম উদ্দিন। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ মো. মুসলিমকে চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে মাধবপুর পৌর শহরের স্বপন মিয়ার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালে মাধবপুর পৌর শহরে নিজের একটি ভবন ভাড়া দেওয়ার শর্তে চিকিৎসক সাইফুল ইসলাম ও আইনজীবী শাকিল গংয়ের কাছ থেকে ৫৫ লাখ টাকা অগ্রিম নেন শাহ মো. মুসলিম। পরে ভবনটি তাঁদের কাছে ভাড়া না দিয়ে অন্য পক্ষের কাছে ভাড়া দেন। পরে একটি সালিসের মাধ্যমে টাকা ফিরিয়ে দেওয়ার শর্তে শাহ মো. মুসলিম দুটি চেক দেন। নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট হিসাব নম্বরে পর্যাপ্ত টাকা না থাকায় চেক দুটি প্রত্যাখ্যাত/ ডিজঅনার হয়।

এ ঘটনায় আইনজীবী শাকিল বাদী হয়ে ঢাকার মহানগর আদালতে মামলা দায়ের করেন। ওই মামলাসহ আরও কয়েকটি মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গতকাল গভীর রাতে পুলিশ শাহ মো. মুসলিমকে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, শাহ মো. মুসলিমের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার সিআর মামলায় সাজা পরোয়ানা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত