Ajker Patrika

ডিউটিতে অনুপস্থিত ফার্মাসিস্টকে বদলির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৭: ৪৮
ডিউটিতে অনুপস্থিত ফার্মাসিস্টকে বদলির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে ডিউটিতে অনুপস্থিত থাকায় রিগান হোসেন নামে এক ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন তিনি।

আজ শনিবার দুপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সার্জারি বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, দেশের অন্যান্য জেলার হাসপাতালের তুলনায় হবিগঞ্জ সদর হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা খারাপ। এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী তিন সপ্তাহ পর সারা দেশে আবারও হাম প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হবে। হাম প্রতিরোধে শিশুদের যথাযথভাবে টিকার আওতায় আনার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, হাম প্রতিরোধে মায়েদের সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি শিশুদের শালদুধ খাওয়ানো নিশ্চিত করতে হবে। শিশুদের যথাযথভাবে টিকার আওতায় আনার পাশাপাশি অভিভাবকদেরও এ বিষয়ে সচেতন হতে হবে।

এ সময় হবিগঞ্জ জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব, তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকারসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত