Ajker Patrika

কোটালীপাড়ায় আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ২৩: ১১
কোটালীপাড়ায় আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আহত যুবলীগ নেতা মশিউর রহমান। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি দোকানঘর ভাঙচুর করা হয়।

আজ সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত মশিউর রহমান (৪২), মিকাইল ইসলাম টুটুল (৫২), জায়েদ শেখকে (৩৬) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে মিকাইল ইসলাম টুটুলের শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, সন্ধ্যায় আওয়ামী লীগের একটি মিছিল দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে ওই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা মশিউর রহমানের সঙ্গে আরেক সম্ভাব্য প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুলের সঙ্গে মিছিলে দাঁড়ানো নিয়ে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

যুবলীগ নেতা মশিউর রহমান বলেন, ‘আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ মিছিল নিয়ে আমরা দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে জামায়াত নেতা মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলাম লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় আমিসহ কয়েকজন আহত হই।’

মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলাম বলেন, ‘আমার বড় ভাই বিদেশে থাকে। সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। আমি দীর্ঘদিন ধরে ছাত্রলীগ করে আসছি। আমার ভাই আগামী হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। তাই সে রাগান্বিত হয়ে আমার ওপর আগে হামলা করে।’

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের কথা শুনেছি, তবে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত