
ছেলেকে নাতি পিটিয়ে হত্যা করেছেন, এ জন্য মো. তমিজ উদ্দিনের মনে কোনো ক্ষোভ বা দুঃখ নেই। তাঁর একটাই কষ্ট—ছেলেকে পিটিয়ে মেরে ফেলার জন্য নাতিকে কারাগারে যেতে হচ্ছে। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ তমিজ উদ্দিনের চাওয়া, আল্লাহ যেন এমন সন্তানের বাবা কোনো মানুষকে না করেন।
ছেলের মৃত্যুর পর আজ শুক্রবার গণমাধ্যমকর্মীদের কাছে এমন অনুভূতি প্রকাশ করেন এই বৃদ্ধ। জানা গেছে, নেশার টাকার জন্য তমিজকে তাঁর ছেলে চাপ দিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে তমিজের এক নাতি পিটিয়ে হত্যা করেন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত যুবকের নাম সজীব আহমেদ (৩২)। তিনি মো. তমিজ উদ্দিনের ছেলে। পিটিয়ে হত্যার অভিযোগে আটক যুবকের নাম মো. সৈকত আহমেদ (১৮)। সজীব অভিযুক্ত সৈকতের চাচা। পুলিশ সৈকতকে আটক করেছে। তিনি একটি কলেজের শিক্ষার্থী।
নিহত ব্যক্তির বাবা তমিজ উদ্দিন বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) রাতে একটি অচেনা মোবাইল ফোন নম্বর থেকে কল করে আমার ছেলে সজীব। এ সময় সে মন্দ ভাষায় উচ্চ স্বরে বলে, এক ঘণ্টার মধ্যে ২০ হাজার টাকা লাগবে। না দিলে বাড়িঘর ভাঙচুর করে জ্বালিয়ে দেবে। এক ঘণ্টা পর টাকা না পেলে সে বাড়িতে আসবে। এর কিছুক্ষণ পর সে আবার কল করে অকথ্য ভাষায় গালাগাল করে; যা বাবা হিসেবে মুখে বলতে পারছি না। ভয় পেয়ে বিষয়টি আমি নাতি সৈকতকে জানাই। বিষয়টি শুনে সৈকত গিয়ে পাশের বাড়ি থেকে সজীবকে ধরে এনে মারধর করে। একপর্যায়ে সজীব মারা যায়।’
তমিজ উদ্দিন বলেন, ‘ছেলে যখন মাদকাসক্ত হয়ে পড়ে, তখন তাঁকে ফেরাতে অনেক চেষ্টা করেছি। তাঁকে ফেরাতে না পেরে পাশের সাটিয়াবাড়ী গ্রামে নতুন বসতবাড়ি করে দিই। সে বসতবাড়ি বিক্রি করে নেশা করে শেষ করছে। তার মাদকাসক্তের মাত্রা চরম পর্যায়ে চলে যায়। সজীবের অত্যাচার-নির্যাতন সইতে না পেরে তাঁর স্ত্রী একমাত্র সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যায়।’
ছেলেকে হত্যার ঘটনায় নাতি সৈকতকে পুলিশ আটক করেছে জানিয়ে তমিজ উদ্দিন বলেন, ‘আমার একটাই কষ্ট, একজন মাদকাসক্ত ছেলের জন্য আমার নিরপরাধ নাতি কারাগারে যাচ্ছে। সে ছেলেকে পিটিয়ে মেরেছে, এ জন্য কোনো আফসোস নেই। এমন সন্তানের বাবা কোনো মানুষকে আল্লাহ যেন না করেন।’
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী শেখ বলেন, ‘সজীবকে নিয়ে তাঁর পরিবার খুবই সমস্যায় ছিল। নেশার টাকার জন্য বাবা, ভাইকেও মারধর করতেন তিনি। তাঁর জন্য সব সময় পারিবারিক কলহ লেগে থাকত। মাদকাসক্ত হয়ে বাবার অনেক জমি ও অর্থ নষ্ট করে পরিবারকে নিঃস্ব করে দিয়েছেন সজীব। নেশার টাকার জন্য বাবাকে হুমকি দিলে ভাতিজা ক্ষিপ্ত হয়ে মারধর করলে রাতেই তাঁর মৃত্যু হয়।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, খবর পেয়ে আজ দুপুরে ঘটনাস্থল থেকে সজীবের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সৈকতকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা হলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর পড়ুন:

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হয় আওয়ামী লীগের একসময়ের প্রভাবশালী নেতা ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বাড়িটি। ঝালকাঠি শহরের রোনালসে সড়কের সেই বাসভবনটি দুই বছর ধরে পরিত্যক্ত। একসময় আওয়ামী রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ভবনটি এখন পরিণ
৫ ঘণ্টা আগে
যেদিকে চোখ যায়, পানি আর পানি। ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি—সবখানেই জলাবদ্ধতার চিত্র। টানা বৃষ্টিতে যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। বাড়ি থেকে রাস্তায় যাওয়া-আসা করতে হচ্ছে সাঁকো অথবা ডিঙিনৌকায়।
৫ ঘণ্টা আগে
নওগাঁর আত্রাইয়ের বৈঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে খোলা জায়গায় ত্রিপল টানিয়ে পাঠদান চলছে। রোদ-বৃষ্টি আর কক্ষসংকটে পড়ালেখা করতে গিয়ে দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুর পৌরসভার আরসিসি ড্রেন নির্মাণকাজে অনিয়ম ও ধীর গতির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চিঠি দিয়েও কাজ শেষ করাতে পারছে না কর্তৃপক্ষ। সময়মতো কাজ শেষ না হওয়ায় অন্তত ১০০ পরিবার দুর্ভোগ পোহাচ্ছে।
৫ ঘণ্টা আগে