Ajker Patrika

বৈষম্যপূর্ণ উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
বৈষম্যপূর্ণ উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ
সড়ক ও জনপথ বিভাগের বৈষম্যপূর্ণ উচ্ছেদের প্রতিবাদ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে গাজীপুরের বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। ছবি: আজকের পত্রিকা

সড়ক ও জনপথ বিভাগের বৈষম্যপূর্ণ উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে গাজীপুরের বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। প্রায় এক ঘণ্টার অবরোধে মহাসড়কের উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।

আজ বুধবার বিকেলে বাঘের বাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের অভিযোগ, কয়েক দিন ধরে সড়ক ও জনপথ বিভাগ বাঘের বাজার এবং ভবানীপুর এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে আসছে। অভিযানে অনেক ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ হওয়ায় ব্যবসায়ীরা জীবিকা হারিয়ে পথে বসেছেন।

ব্যবসায়ীদের দাবি, একই মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি, মাওনা চৌরাস্তা, এমসি, নয়নপুর ও জৈনা বাজার এলাকায় সড়কের জায়গায় বিভিন্ন স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠান থাকলেও সেখানে একইভাবে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে না। ফলে বাঘের বাজার ও ভবানীপুর এলাকায় পরিচালিত উচ্ছেদকে বৈষম্যপূর্ণ বলে অভিযোগ করেন তাঁরা।

ব্যবসায়ী নেতা আমিনুল ইসলাম বলেন, ‘আমরা সড়ক দখল করে ব্যবসা করার পক্ষে নই। কিন্তু উচ্ছেদ করতে হলে সবারটাই করতে হবে। আমাদের অনেকেই ক্ষুদ্র ব্যবসা করে পরিবার চালান। কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করায় তাঁরা এখন অসহায় হয়ে পড়েছেন। আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানাই।’

ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা না করা হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা।

এদিকে মহাসড়ক অবরোধের খবর পেয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা ঘটনাস্থলে যান। পরে গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইউনুস আলী নছ মিয়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দাবির বিষয়টি সংশ্লিষ্টদের কাছে তুলে ধরার আশ্বাস দেন। একপর্যায়ে ব্যবসায়ীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেন তিনি।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত