
‘আমার চাচিকে যখন কুকুর কামড় দিয়েছিল, তখন আশপাশের মানুষকে পাশে পাইনি। চেয়ারম্যানকে পাইনি, এমপিকেও পাইনি। আর যখন চাচি মারা গেল, তখন এমপি আইছে, চেয়ারম্যান আইছে, ইউএনও আইছে। টাকা দিয়ে গেছে। আমরা তো টাকা চাই না, চাচিরে চাই।’ কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন কুকুরের কামড়ে নিহত সুলতানা বেগমের ভাতিজা মো. হিরু মিয়া (২৬)।
দুঃসময়ে কাউকে পাশে না পাওয়ার অভিযোগ শুধু তাঁর একার নয়, জলাতঙ্ক সন্দেহে নিহত পাঁচ পরিবারের সদস্যদের প্রায় সবারই একই অভিযোগ। তাঁরা বলেন, কুকুর কামড় দেওয়ার পর থেকে হাসপাতালে নেওয়া, ভ্যাকসিন জোগাড়—সবকিছুতে পাড়া-প্রতিবেশী, জনপ্রতিনিধি ও হাসপাতাল কর্তৃপক্ষের একটু সহযোগিতা পাওয়া গেলে হয়তো স্বজনদের বাঁচানো যেত।
নিহত মো. ফুল মিয়ার বড় ভাই মো. ইউনুস আলী (৫৬) বলেন, ‘এখন সবাই আসে আর টাকা দেয়। কিন্তু যেদিন কুকুর কামড় দিল, সেদিন টাকা ছাড়া কেউ কথা শোনেনি। সরকারি হাসপাতালে গেছি, তারা বলেছে ইনজেকশন নেই। পরে বাইরে থেকে বেশি দামে ইনজেকশন কিনেছি। সুতা, তুলা, গ্লাভস—সব কিনতে হইছে। এমনকি সরকারি হাসপাতালের ডাক্তার ইনজেকশন দেওয়ার টাকাও নিছে। এখন ভাই মারা যাওয়ার পর এসব সহযোগিতা দিয়ে কী হবে?’
গত ২২ এপ্রিল উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নে একটি বেওয়ারিশ কুকুর একই দিনে শিশু ও নারী-পুরুষসহ ২২ জনকে কামড়ে আহত করে। এতে আহত ব্যক্তিরা ও তাঁদের পরিবার চরম আতঙ্কে পড়ে যায়। কী করতে হবে, কোথায় যেতে হবে—তা বুঝে উঠতে না পারার পাশাপাশি ছিল আর্থিক সংকটও।
অভিযোগ রয়েছে, এ সময় এলাকাবাসী, জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের পক্ষ থেকে তেমন সহযোগিতা পাওয়া যায়নি। ফলে অনেকেই সময়মতো সঠিক চিকিৎসা নিতে পারেননি। পরে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েও হয়রানির শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
জলাতঙ্কে নিহত ব্যক্তিরা হলেন নন্দ রানী, মোছা. সুলতানা বেগম, মো. ফুল মিয়া, মোছা. আফরোজা বেগম ও রতনেশ্বর কুমার। অন্য ১৭ জন এখনো চিকিৎসাধীন।
এদিকে মৃত্যুর ঘটনার পর প্রশাসন ও বিভিন্ন মহলে তৎপরতা বেড়েছে। এলাকায় কুকুরের ভ্যাকসিন প্রয়োগ, সচেতনতামূলক কার্যক্রম ও আক্রান্ত ব্যক্তিদের খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। দেওয়া হচ্ছে আর্থিক সহায়তাও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি বলেন, ‘আহত হওয়ার পরে যাইনি, মারা যাওয়ার পরে গিয়েছিলাম। তবে এখন পর্যন্ত খোঁজখবর রাখছি।’
স্থানীয় সংসদ সদস্য মো. মাজেদুর রহমান সরকার বলেন, ‘শুরুতে সবকিছুরই স্বল্পতা ছিল। তবে কুকুর কামড়ানোর বিষয়টি আমাকে মেম্বার, চেয়ারম্যান বা অন্য কেউ জানাননি। তাই মারা যাওয়ার আগে যেতে পারিনি। পরে ঘটনাস্থলে গিয়েছি এবং স্বাস্থ্য ও ত্রাণ উপদেষ্টার সঙ্গে ভ্যাকসিনসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছি।’
মাজেদুর রহমান আরও বলেন, গণমাধ্যমও যদি শুরুতে বিষয়টি আরও বেশি গুরুত্ব দিয়ে প্রচার করত, তাহলে হয়তো এত বড় ক্ষতি হতো না।
চিকিৎসা ব্যবস্থাপনায় কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর ও কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ দল মাঠে কাজ করছে। গত মঙ্গলবার কমিটির সদস্যরা ঢাকা থেকে সুন্দরগঞ্জ গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের চেষ্টা করলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে লাঠিপেটা করতেও দেখা যায়।
১০ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়া পৌরসভায় ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে পৌরসভার মৌলভীরকুম স্টেশনের অদূরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত ব্যক্তির ছেলে মোহাম্মদ মিনারকে আটক করেছে এলাকাবাসী। পরে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
১৫ মিনিট আগে
টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আগামী অর্থবছর থেকেই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরুর ঘোষণা দিয়েছেন। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
১৮ মিনিট আগে
নওগাঁর মান্দায় একটি ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় বোরো ধান, আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন গাছের ক্ষতি হওয়ার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা ইটভাটাটি অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে ভাটার ধোঁয়ায় কৃষিজমি ও গাছপালার ক্ষতি হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
৩২ মিনিট আগে