
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মো. মোশারফ হোসেন (৫২) নামে এক স্কুলশিক্ষককে ফোনে গালিগালাজ ও ২৪ ঘণ্টার মধ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী শিক্ষক।
মোশারফ হোসেন উপজেলার পূর্ব ছাপরহাটি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী গ্রামের মো. আব্দুল আজিজ আকন্দের ছেলে। অভিযুক্ত মো. গাওছুল আলম (৪০) গাইবান্ধা জেলা ফায়ার সার্ভিস স্টেশনে ফায়ারম্যান হিসেবে কর্মরত। তিনি একই গ্রামের মৃত মো. আবদুর রহমানের ছেলে।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ৫৩ মিনিটে মোশারফ হোসেন নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় গাওছুল আলম তাঁকে ফোন করেন। ফোনে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করেছেন মোশারফ। একই সঙ্গে তাঁর পরিবারের অন্য সদস্যদেরও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মোশারফ হোসেনের দাবি, সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ছাপরহাটি মৌজার ৭৩ শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছে। ওই জমির স্বত্ব, এসএ ও বিএস রেকর্ড, পত্তন, কবুলিয়ত ও উত্তরাধিকার নিয়ে আদালতে মামলা ও আপিল চলমান রয়েছে। জমি নিয়ে চলমান বিরোধের জেরেই তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
জিডিতে মোশারফ হোসেন উল্লেখ করেন, ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করেছেন তিনি।
তবে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন গাওছুল আলম। তিনি বলেন, ‘মোশারফ আমার জ্যাঠাতো ভাই। তাঁর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে, এটা সত্য। এ নিয়ে আদালতে মামলাও চলছে। জমি কে পাবে, কে পাবে না—সেটি আদালতই নির্ধারণ করবে। তাই বলে কি আমি তাঁকে হত্যার হুমকি দিতে পারি? তিনি মিথ্যা অভিযোগ করেছেন। আমি তাঁকে কোনো ধরনের হুমকি দিইনি।’
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মোশারফ হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক, স্নাতকোত্তর এবং সন্ধ্যাকালীন পরীক্ষায় অসদুপায় ঠেকানো যাচ্ছে না। নকলের দায়ে গত এক বছরে ৬০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। তবু বন্ধ হচ্ছে না নকল।
৪ ঘণ্টা আগে
বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জে নদীভাঙন যেন নিত্যদিনের দুর্ভোগ। মেঘনাসহ বিভিন্ন নদীর ভাঙনে দুই উপজেলার বিস্তীর্ণ জনপদ, ঘরবাড়ি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়লেও ভাঙনরোধে প্রস্তাবিত ১৫টি জরুরি প্রকল্পের ১৪টিই পড়েছে মেহেন্দীগঞ্জে, হিজলায় মাত্র ১টি।
৪ ঘণ্টা আগে
কৃষিপণ্য ও গবাদিপশুর খাবার পরিবহন, মাছ ধরা কিংবা হাটবাজারে যাতায়াত করতে অনেক এলাকার মানুষের কাছে এখনো কাঠের নৌকাই ভরসা। নদ-নদীতে পানি বাড়ায় শরতেও জমে উঠেছে মানিকগঞ্জের ঘিওর ও হরিরামপুরের ঝিটকার শতবর্ষী নৌকার হাট।
৫ ঘণ্টা আগে
‘কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক’ স্লোগানে গতকাল শুক্রবার রাজধানীতে লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের জাতীয় কনভেনশনে ৪৫ জেলা থেকে মিলিত হলেন পাঁচ শতাধিক সংস্কৃতিকর্মী। গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ জাতীয় কনভেনশন উদ্বোধন করেন লেখক ও সাংবাদিক নূরুল কবীর।
৫ ঘণ্টা আগে