
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার পানির চাপে ময়মনসিংহের হালুয়াঘাটে ধারা-নালিতাবাড়ী সড়কের একটি অংশ ভেঙে গেছে। এতে সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে দুই উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষের যোগাযোগে ভোগান্তি দেখা দিয়েছে। বাধ্য হয়ে দুই থেকে তিন কিলোমিটার ঘুরে বিকল্প কাঁচা সড়ক দিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। ভেঙে যাওয়া অংশে স্থানীয়রা বাঁশের সাঁকো তৈরি করে কোনো রকমে পারাপার হচ্ছেন।
গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলার ধুরাইল বাজার এলাকায় পানির চাপে সড়কটির একটি অংশ ভেঙে যায়। সকালে গর্তের আকার বড় হয়ে গেলে ওই সড়ক দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, ধারা থেকে নালিতাবাড়ী পৌর শহর পর্যন্ত সড়কটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। হালুয়াঘাট উপজেলার ধারা, ধুরাইল, কৈচাপুর ও আমতৈল ইউনিয়নের মানুষের নালিতাবাড়ীর সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এটি। পাশাপাশি নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান, নালিতাবাড়ী ও রূপনারায়ণকুড়া ইউনিয়নের মানুষও হালুয়াঘাটে যাতায়াতে সড়কটি ব্যবহার করেন।
স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে থাকে। দীর্ঘ সময় পানি জমে থাকার পর পানির প্রবল চাপে সড়কের নিচের মাটি সরে গিয়ে একটি অংশ ধসে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান ইতু বলেন, ‘গত রাতে পানির চাপে সড়কটি ভেঙে গেছে। এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।’
আরেক বাসিন্দা ফারুক ফকির বলেন, ‘হালুয়াঘাট যাওয়ার পথে সড়ক ভেঙে যাওয়ায় গাড়ি আর যেতে পারছে না। এখন বিকল্প পথে ঘুরে যেতে হচ্ছে। এটি ব্যস্ততম একটি সড়ক। তাই দ্রুত সংস্কার করা জরুরি।’
অটোরিকশাচালক শাকুয়াত হোসেন বলেন, ‘আমরা নালিতাবাড়ী থেকে ধুরাইল বাজার পর্যন্ত আসছি। এরপর ভাঙা অংশের পাশে যাত্রীরা হেঁটে পার হয়ে আবার অন্য অটোরিকশায় উঠছেন। এতে সময় ও ভাড়া দুটোই বাড়ছে।’
হালুয়াঘাট উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রউফ বলেন, ‘সড়ক ভেঙে যাওয়ার বিষয়টি আমরা অবগত রয়েছি। ইতিমধ্যে ভেঙে যাওয়া স্থানে আমাদের দপ্তরের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পাবনা সদর উপজেলার কোমরপুর গ্রামে যুবদল কর্মী হিসেব পরিচিত শরিফুল ইসলাম প্রধানের বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে দুটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শরিফুলকে আটক করেছে পুলিশ। তবে তাঁর কোনো দলীয় পদ-পদবি নেই বলে জানিয়েছে জেলা যুবদল।
৪ মিনিট আগে
আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই জানায়, আপিল বিভাগের চেম্বার জজ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এবং হাফিজুর রহমানের পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
১৮ মিনিট আগে
রংপুর রেলস্টেশন এলাকায় বুড়িমারী থেকে পার্বতীপুরগামী ৪৬১ কমিউটার ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এতে কোনো যাত্রী হতাহত না হলেও প্রায় দেড় ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে পেছন থেকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে ভুক্তভোগী ছাত্রীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) দেওয়ার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের বাইরে যাওয়ার অভিযোগে টিসি দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে