
ফেনীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর সিদরাতুল মুনতাহা আয়াত (৩) নামে এক শিশুর মরদেহ বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নিখোঁজ হওয়ার পর আজ শুক্রবার ভোর ৫টার দিকে চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া গ্রামের ঈদগাহর পশ্চিম পাশে মোজাফফর বাড়ির পুকুরে তার লাশ পাওয়া যায়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নিহত আয়াত ওই বাড়ির শেখ শাহাব সজিব ও জান্নাতুল ফেরদাউস মনির কন্যা। সজিব ও মনি স্বামী-স্ত্রী হওয়ার পাশাপাশি আপন চাচাতো ভাই-বোন বলে জানিয়েছেন স্বজনরা।
পুলিশ, এলাকাবাসী ও নিহত শিশুর স্বজনদের ভাষ্য, পাঁচ বছর আগে শেখ মুজিবের ছেলে শেখ শাহাব সজিবের সঙ্গে তার ভাই শেখ আলীর কন্যা জান্নাতুল ফেরদাউস মনির বিয়ে হয়। বিয়ের এক বছরের মাথায়, চার বছর আগে সজিব সৌদি আরব চলে যান। এর কিছুদিন পর তাঁর স্ত্রী ও শিশু কন্যাকে শ্বশুর-শাশুড়ি ঘর থেকে বের করে দেন বলে জানা যায়। পরে মনি শিশু কন্যাকে নিয়ে বাবার বাড়িতে ওঠেন।
স্বজনদের দাবি, কয়েক দিন আগে শিশুটির দাদা, দাদি, ফুফু ও চাচারা তাকে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রাখেন। শিশুর মায়ের অভিযোগের পর স্থানীয় সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন খোকনের মধ্যস্থতায় শিশুটিকে মায়ের কাছে ফেরত দেওয়া হয়।
শিশুর মা মনির অভিযোগ, আগামী সেপ্টেম্বরে সৌদি আরব থেকে সজিবের দেশে আসার কথা রয়েছে। শিশুর দাদা, দাদি, ফুফু ও চাচারা সজিব ও মনির বিচ্ছেদ চান। মনির দাবি, শিশুটি বেঁচে থাকলে সেই বিচ্ছেদ নাও হতে পারে; এ কারণেই তাকে সরিয়ে দিতে চাওয়া হতে পারে।
গতকাল দুপুর ১২টার দিকে মনি তার মেয়ে আয়াতকে দাদির কাছে রেখে নিজের বাবার ঘরে গৃহস্থালির কাজ করছিলেন। দুপুর ১টার দিকে দাদি নামাজ পড়তে গেলে শিশুটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়। দুপুর দেড়টার দিকে দাদা শেখ মুজিব বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন।
পরে শিশুটিকে না পেয়ে রাতে মনি বাদী হয়ে দাদাসহ তিনজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রাত ১২টার দিকে সোনাগাজী মডেল থানার এসআই তপুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে তদন্তে যায়।
আজ ভোর ৫টার দিকে শিশুটির ফুফু রুমি আক্তার বাড়ির পুকুরে মরদেহ ভাসতে দেখেন। পরে বাড়ির লোকজন মরদেহ উদ্ধার করেন। দুপুরে ফেনী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাদ আসর জানাজা সম্পন্ন করে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
১ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
২ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
২ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৩ ঘণ্টা আগে