Ajker Patrika

বেদেপল্লিতে পুলিশের অভিযান, টাকা গোনার মেশিনসহ সাড়ে ১৭ লাখ টাকা উদ্ধার

ফেনী প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৯: ৪০
বেদেপল্লিতে পুলিশের অভিযান, টাকা গোনার মেশিনসহ সাড়ে ১৭ লাখ টাকা উদ্ধার
লালপোল বেদেপল্লি থেকে নগদ ১৭ লাখ ৫১ হাজার ৬০০ টাকা, টাকা গণনার মেশিন, ৬০০টি ইয়াবা ও ৩০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

ফেনী শহরতলির লালপোল বেদেপল্লিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে নগদ ১৭ লাখ ৫১ হাজার ৬০০ টাকা, টাকা গণনার মেশিন, ৬০০টি ইয়াবা ও ৩০ লিটার চোলাই মদ জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ১৪ জনকে আটক করা হয়েছে। তবে অভিযানে মাদক কারবারের মূল নিয়ন্ত্রকেরা ধরা পড়েননি।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তিন ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান এবং ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সাজেদ কামালসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অভিযানে অংশ নেন।

ফেনী মডেল থানা পুলিশ সূত্র জানায়, অভিযানে বেদেপল্লি থেকে নগদ টাকা, ইয়াবা ও চোলাই মদ ছাড়াও মাদকসংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক ১৪ জনের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তবে বারবার অভিযান চালিয়েও মাদক কারবারের মূল নিয়ন্ত্রকদের গ্রেপ্তার করতে না পারায় প্রশ্ন উঠেছে অভিযানগুলোর কার্যকারিতা নিয়ে। অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, পুরো ফেনীর মানুষ জানে, লালপোল বেদেপল্লিতে মাদক কারবার হয়। এ কারণে সেখানে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ।

মাদক কারবারের মূল হোতাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ বিপুলসংখ্যক সদস্য নিয়ে অভিযান চালালে তাঁরা আগাম খবর পেয়ে পালিয়ে যান। সোহেল, তারেক ও শিরিন নামের তিনজন এখান থেকে পুরো মাদক কারবার নিয়ন্ত্রণ করেন। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা
মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বেদেপল্লি উচ্ছেদের বিষয়ে নিশাত তাবাসসুম বলেন, উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য জেলা আইনশৃঙ্খলা কমিটির মাধ্যমে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কার্যক্রম চলমান। সেখানে অনেক মানুষের বসবাস থাকায় এক দিনে উচ্ছেদ করা সম্ভব নয়। তবে দ্রুত উচ্ছেদ কার্যক্রম শুরু হবে। উচ্ছেদ না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত