Ajker Patrika

সোনাগাজীতে গভীর রাতে ভূমি অফিসের কার্যালয় ও প্রাইভেটকারে আগুন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
সোনাগাজীতে গভীর রাতে ভূমি অফিসের কার্যালয় ও প্রাইভেটকারে আগুন
সোনাগাজী উপজেলায় গভীর রাতে মতিগঞ্জ ভূমি অফিসের স্থায়ী আদায় শিবির কার্যালয়ের ফটকে গতকাল রাতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলায় গভীর রাতে মতিগঞ্জ ভূমি অফিসের স্থায়ী আদায় শিবির কার্যালয়ের ফটকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। একই রাতে উপজেলার কাজীরহাট বাজারে একটি প্রাইভেটকারেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মতিগঞ্জ ভূমি অফিসের স্থায়ী আদায় শিবির কার্যালয়ের ফটকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। কার্যালয়টি তালাবদ্ধ এবং ভেতরে কেউ ছিলেন না। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর কিছু সময় পর কাজীরহাট বাজারে একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

মতিগঞ্জ ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা আমান উল্লাহ বলেন, ‘এটি মতিগঞ্জ ভূমি অফিসের স্থায়ী আদায় শিবির কার্যালয়। কার্যালয়ের ফটক তালাবদ্ধ ছিল। রাস্তা থেকেই সেখানে আগুন দেওয়া হয়েছে। ভেতরে আমাদের কেউ ছিলেন না। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভান। এতে একটি বালতি পুড়ে গেছে। এ ছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

সোনাগাজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুরুল আলম বলেন, পুলিশের মাধ্যমে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। তবে সেখানে পৌঁছে আগুনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ফটকে দেওয়া আগুন আগেই নিভে গিয়েছিল।

সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল উদ্দিন বলেন, ‘ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমাদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে একটি ব্যানারের অংশ পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো অভিযোগ দেয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত