Ajker Patrika

সোনাগাজীতে ডিএনসি করার পর গৃহবধূ আইসিইউতে, চিকিৎসায় অবহেলার অভিযোগ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
সোনাগাজীতে ডিএনসি করার পর গৃহবধূ আইসিইউতে, চিকিৎসায় অবহেলার অভিযোগ
ভুল চিকিৎসার অভিযোগ পেয়ে সোনাগাজী মডেল থানার ওসি আবুল হাসিমের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতালে যান। ছবি: আজকের পত্রিকা

ফেনীর সোনাগাজীতে একটি বেসরকারি হাসপাতালে ডিএনসি (গর্ভপাত-পরবর্তী জরায়ু পরিষ্কারের চিকিৎসাপদ্ধতি) অস্ত্রোপচারের পর সংকটাপন্ন হয়ে পড়েছেন কামরুন নাহার (৩২) নামে এক গৃহবধূ। বর্তমানে তিনি চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের সময় চিকিৎসায় অবহেলার কারণে তাঁর জরায়ু ফুটো হয়ে যায়। এতে পেটে রক্তক্ষরণসহ বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে।

এ ঘটনায় সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ এনে সোনাগাজী মডেল থানা ও ফেনীর সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর বড় বোন নূরজাহান আক্তার। অভিযোগে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

এদিকে কামরুন নাহারের শারীরিক অবস্থার অবনতির খবর ছড়িয়ে পড়লে তাঁর স্বজনেরা সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালের সামনে জড়ো হন। এ সময় তাঁরা হাসপাতালটিতে ভাঙচুরের চেষ্টা করেন বলে জানা গেছে। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং স্বজনেরা ঘটনাস্থল ত্যাগ করেন।

পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, কামরুন নাহার তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ৭ নভেম্বর তাঁর গর্ভপাত হয়। চিকিৎসক ফাহমিদা ইয়াসমিনের পরামর্শে সেদিন তাঁকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে জোসনারা বেগম নামের এক নারী তাঁদের সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে ডা. মামুনের কাছে নিয়ে যান। সেখানে ভর্তি করার পর দুপুর ১২টার দিকে তাঁর ডিএনসি অস্ত্রোপচার করা হয়।

পরিবারের দাবি, অস্ত্রোপচারের পর থেকেই কামরুন নাহারের পেট অস্বাভাবিকভাবে ফুলতে শুরু করে। পরদিন ৮ নভেম্বর আলট্রাসনোগ্রাম করানোর পর তাঁর পেটে রক্তক্ষরণ, খাদ্যনালিতে সংক্রমণ, ফুসফুসে পানি জমা ও কিডনিতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে।

কামরুন নাহারের স্বামী রহিম উদ্দিন বলেন, ডিএনসি করার সময় তাঁর স্ত্রীর জরায়ু ফুটো হয়ে যায় বলে তাঁরা জানতে পেরেছেন। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করানো হয়।

তিনি আরও বলেন, অস্ত্রোপচারের পর তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত অন্য হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। বর্তমানে তাঁর স্ত্রী আইসিইউতে চিকিৎসাধীন। ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চিকিৎসায় প্রতিদিন ৭০ থেকে ৮০ হাজার টাকা ব্যয় হচ্ছে। দীর্ঘদিনের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অভিযোগকারী নূরজাহান আক্তার বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও ভুল চিকিৎসার কারণেই আমার বোনের এমন অবস্থা হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, বোনের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিপূরণ আদায়ের দাবি জানাচ্ছি। পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করছি।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালের ব্যবস্থাপক কে এম ইসলামুল হক। তিনি বলেন, হাসপাতালে ডিএনসি সম্পন্ন হওয়ার পর পর্যন্ত রোগীর এমন কোনো সমস্যা ছিল না। পরবর্তী সময়ে কীভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সে বিষয়ে তাঁর কাছে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই।

বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছেন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম। তিনি বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। অভিযুক্ত হাসপাতাল বা সংশ্লিষ্ট পক্ষ থেকে তাঁর কাছে কোনো অভিযোগ আসেনি। তবে সিভিল সার্জন কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম বলেন, ভুল চিকিৎসা ও চিকিৎসায় অবহেলার কারণে রোগীর সংকটাপন্ন অবস্থার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেনীর সিভিল সার্জন মো. আরিফুজ্জামান বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা হবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত