
ফরিদপুরের সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে আজিজুল মোল্যা (৬৫) নামে এক বাগানমালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বাড়িঘরসহ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিজুল মোল্যা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের গুপিনগরপাড়ার মৃত মান্নান মোল্যার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজিজুল মোল্যার লিচুর বাগান থেকে পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সীর দুই ছেলে সাকিল মুন্সী ও তুষার মুন্সী লিচু পেড়ে খায়। বিষয়টি দেখে আজিজুলের ছেলে আকরাম মোল্যা তাদের বাধা দেন এবং তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে এ ঘটনার জেরে ফুলবাড়িয়া বাজারে আকরাম মোল্যা গেলে তার ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। ছেলেকে মারধরের খবর পেয়ে সন্ধ্যায় বাজারে যান আজিজুল মোল্যা। সেখানে তিনি ঘটনার কারণ জানতে চাইলে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, সাকিল ও তুষার মুন্সীসহ কয়েকজন তাঁকে বাঁশ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা উদ্ধার করে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাতেই দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অভিযুক্ত সাকিলদেরসহ অন্ততপক্ষে পাঁচটি বাড়িতে ভাঙচুর চালিয়েছে প্রতিপক্ষ। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সালথা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘একটি পরিবারের সঙ্গে আরেকটি পরিবারের মারামারির ঘটনায় ওই বৃদ্ধ মারা যায়। কিন্তু এ ঘটনায় স্থানীয়ভাবে গ্রাম্য মাতুব্বরদের ইন্ধনে লুটপাট পর্যন্ত গড়িয়েছে।’
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাগুরা সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নিষিদ্ধ জাল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
২১ মিনিট আগে
সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নে সুনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। আগামী ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের ঘোষণা দেওয়ার পর স্থানীয়দের একাংশ এটি বন্ধের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট ও প্রতিবাদ সভা করেছেন।
২৭ মিনিট আগে
খাগড়াছড়ি মহালছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি যৌথ খামার গ্রামে এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
আজ দুপুর থেকে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে কারখানার নতুন ভবনের তৃতীয় তলায় এবং দ্বিতীয় তলায় একে একে নারী শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়তে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকদের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায়। তাদের ইপিজেডে বেপজা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে...
৪০ মিনিট আগে